১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি এফডিসি থেকে মুক্তি পায় স্বাধীন বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ‘মানুষের মন’। ছবিটি পরিচালনা করেন মোস্তফা মেহমুদ। বাংলাদেশের চলচ্চিত্রের এই বরেণ্য পরিচালক আর নেই। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।
‘মানুষের মন’ ছবিতে অভিনয় করেন রাজ্জাক, ববিতা ও আনোয়ার হোসেন। এ ছবির ব্যবসায়িক সাফল্য বাংলাদেশের চলচ্চিত্রকে নতুন পথ দেখায়।
মোস্তফা মেহমুদ ১৯৬৬ সালে জহির রায়হানের ‘বেহুলা’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। গত শতকের ষাট, সত্তর ও আশির দশকে মোস্তফা মেহমুদ পরিচালিত ১৫টি চলচ্চিত্র মুক্তি পায়। তার শেষ ছবি ‘স্বামীর সোহাগ’ মুক্তি পায় ১৯৮২ সালের ফেব্রুয়ারি মাসে। এই ছবিতে অভিনয় করেন কবরী ও বুলবুল আহমেদ। এরপর চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নেন। চলে যান জন্মস্থান মিরসরাইয়ের মিঠানালায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১০ সালে তার স্ত্রী ফিরোজা মেহমুদ মারা যান। তার দুই ছেলে দেশের বাইরে আছেন। তাদেরকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর মোস্তফা মেহমুদের জানাযা ও দাফন হবে।









