বাংলাদেশের জাতীয় ক্রীড়া দিবস ৬ এপ্রিল। ঘোষণার পর এবারই প্রথম উদযাপিত হল দিবসটি। জাতীয় ও আন্তর্জাতিক এই ক্রীড়া দিবসে স্লোগান ছিল ‘শান্তি ও উন্নয়নের জন্য ক্রীড়া’। উদ্বোধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। পরে ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত, সাঁতারু মাহফুজা খাতুন শিলা ও সোনাজয়ী শুটার শাকিল আহমেদকে অর্থ পুরস্কার দেয়া হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সের সামনে জড়ো হন ক্রীড়া সংগঠক, ক্রীড়া সাংবাদিক-সংগঠনের সদস্য ও খেলোয়াড়রা। উদ্বোধনের পর দ্বিতীয় ধাপে শোভাযাত্রা জিরো পয়েন্ট-সচিবালয় ও প্রেসক্লাব-পল্টন ঘুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এসে শেষ হয়। সবশেষে অর্থ পুরস্কার।
এসএ গেমসে সোনা জয়ের পর সরকারের পক্ষ থেকে ঘোষণা এসেছিল মাবিয়া, শিলা ও শাকিলকে ফ্ল্যাট উপহার দেওয়া হবে। উত্তরায় নির্মাণ কাজ শেষ না হওয়ায় তিন অ্যাথলেট এখনো প্রতিশ্রুতির সেই ফ্ল্যাট পাননি। তবে তারা যে ফ্ল্যাটে থাকছেন সেটার ভাড়া বহন করছে সরকারই। সেটির তিন মাসের ভাড়ার টাকাই প্রথম জাতীয় ক্রীড়া দিবসে তুলে দেওয়া হলো কৃতি তিন অ্যাথলেটের হাতে।
ক্রীড়াদিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ড. শ্রী বীরেন শিকদার; যুব ও ক্রীড়া উপমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফ খান জয়।
২০১৪ সাল থেকে বাংলাদেশ ৬ এপ্রিল আন্তর্জাতিক ক্রীড়াদিবস পালন করে আসছে। তবে এবার সেই দিবসের গুরুত্ব আলাদা। কেননা ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক ক্রীড়া দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে দিনটিকে বাংলাদেশের জাতীয় ক্রীড়া দিবস হিসেবে ঘোষণা করা হয়। এবারই প্রথম সেটি ঘটা করে পালিত হল।









