কুষ্টিয়া শহরের পিটিআই সড়কে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পলাশ নামে এক কলেজ ছাত্র খুন হয়েছেন। আহত হয়েছেন রাকিব নামে আরও এক যুবক।
রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের পিটিআই সড়কের সিটি কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহত পলাশের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিটিআই সড়কের জেলখানা মোড়ে কয়েকজন তরুণের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় একজন ধারালো ছুরি দিয়ে দু’জনকে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর পলাশের মৃত্যু হয়। 
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) তাপস কুমার সরকার পলাশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও আহত রাকিবের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন চৌধুরী জানান, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।









