লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণার পর প্রশ্ন কে হবেন আর্জেন্টিনার নতুন অধিনায়ক? সামনের কয়েকদিনে আন্তর্জাতিক বিরতিতে তিনটি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা, যার শেষটি হবে মেসির বিদায়ী মঞ্চ। সবশেষ সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি জানালেন, অভিজ্ঞ এক ডিফেন্ডারের হাতে উঠবে আর্মব্যান্ড।
২৮ বর্ষী ক্রিস্টিয়ান ‘কুটি’ রোমেরো হচ্ছেন সেই নতুন অভিজ্ঞ অধিনায়ক। ঘরের মাঠে বলিভিয়া, বুরকিনা ফাসো এবং বেনিনের বিপক্ষে লড়বে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সংবাদ সম্মেলনে এসে স্কালোনি অধিনায়ক প্রসঙ্গে বলেছেন, ‘অধিনায়ক হবেন কুটি। লিও (মেসি) ও ওটার (ওটামেন্ডি) পর তিনি ছিলেন দলের তৃতীয় অধিনায়ক। এমিলিয়ানোও আছেন, যিনি অধিনায়কের আর্মব্যান্ড পরতে পারেন। রদ্রিগো দুটি ম্যাচে খেলতে পারবেন না, না হলে তিনিও পরতে পারতেন। একইভাবে লৌতারোও পারেন। তবে, কুটিই হচ্ছেন সেই ব্যক্তি।’
মেসি এবং ওটামেন্ডি দলে থাকাকালীন আর্জেন্টিনার তৃতীয় পছন্দের অধিনায়ক ছিলেন রোমেরো। বিশ্বকাপ বাছাইতে চিলি, প্রীতি ম্যাচে ভেনেজুয়েলা ও মৌরিতানিয়ার বিপক্ষে আর্জেন্টিনার অধিনায়ক ছিলেন তিনি।
২০২১ সালে ২৩ বছর বয়সে লিওনেল স্কালোনির অধীনে আন্তর্জাতিক অভিষেক রোমেরোর। আর্জেন্টিনার হয়ে দুটি কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ জিতেছেন। ৫৮ ম্যাচ খেলেছেন, করেছেন ৪ গোল। ২০২৬ বিশ্বকাপে রক্ষণে অন্যতম ভরসা ছিলেন।
আর্জেন্টিনা লাতিন দেশ বলিভিয়ার বিপক্ষে ঘরের মাঠে ১ অক্টোবর কর্দোবায় খেলবে। পরের ম্যাচ দুটি আফ্রিকার দুই দেশের বিপক্ষে ঘরের মাঠেই, মনুমেন্টাল স্টেডিয়ামে লড়বে আলবিসেলেস্তেরা। দ্বিতীয় ম্যাচ ৩ অক্টোবর, বুরকিনা ফাসোর বিপক্ষে। ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে, যেখানে শেষবারের মতো আকাশী-নীল জার্সিতে খেলবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি।









