এশিয়ান গেমসে মেয়েদের হকি ইভেন্টে অবশেষে একটি পয়েন্ট আদায় করে নিল বাংলাদেশ। কাজাখস্তানের বিপক্ষে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে লাল-সবুজের দলটি, ৩-৩ গোলে ড্র করেছেন অর্পিতা পালরা।
জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে ম্যাচের দুই মিনিটে আইরিন রিয়ার গোলে লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে ভিক্টোরিয়া লোবানোভার গোলে সমতায় ফেরে কাজাখস্থান।
তৃতীয় কোয়ার্টারে ৩২ এবং ৩৭ মিনিটে ভিক্টোরিয়া টানা দুটি গোলে হ্যাটট্রিক পূর্ণ করলে ৩-১ গোলে এগিয়ে যায় কাজাখরা।
২ গোল ব্যবধানে পিছিয়ে থেকে শেষ কোয়ার্টার শুরু করে বাংলাদেশ। তবে ৪০ মিনিটে কণা আক্তারের গোলে ব্যবধান কমায় মেয়েরা। ৪৭ মিনিটে অর্পিতার গোলে সমতায় ফেরে দলটি।
ড্রয়ে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ। চীনের বিপক্ষে ১৩-০, মালয়েশিয়ার বিপক্ষে ৩-১ এবং সাউথ কোরিয়ার বিপক্ষে ৮-০ গোলে হেরেছে অর্পিতার দল।
রোববার সকাল ১০টায় চাইনিজ তাইপের বিপক্ষে শেষ ম্যাচে নামবে বাংলাদেশ।









