ইংল্যান্ড ছেড়ে গেলেও দেশটির সাথে একটি সংযোগ রয়ে গেল মোহাম্মেদ সালাহর। সেটি আন্তরিকতার নয়, আইনি ঝামেলার। লিভারপুলের সাবেক তারকা ৬ মাস গাড়ি চালাতে পারবেন না ইংল্যান্ডে, এই নিষেধাজ্ঞা পেয়েছেন।
সালাহ শখের রোলস-রয়েস গাড়ি নির্ধারিত গতির চেয়ে দ্রুত চালানোর সময় ধরা পড়েছিলেন। আদালতের নথি অনুযায়ী, ২৭ মার্চ চেশায়ারের উইলমসলোর রাস্তায় ঘটেছে। যেখানে সর্বোচ্চ গতিসীমা ছিল ঘণ্টায় ৪৮ কিমি, মিশরীয় তারকা গাড়ি ঘণ্টায় ৫৮ কিমি গতিতে চলান, যা স্পিড ক্যামেরায় ধরা পড়ে। কিন্তু গাড়ির চালকের আসনে কে ছিলেন, সেবিষয়ে পুলিশকে কোন তথ্য দেননি সালাহ।
৩৪ বর্ষী সালাহ চেশায়ার পুলিশের দায়ের করা মামলার নোটিশের কোন জবাবও দেননি। অভিযোগের বিষয়ে কোন আনুষ্ঠানিক বক্তব্য পেশ করেননি। ওয়ারিংটন কম্বাইন্ড কোর্টে শুনানিতে তাকে ছয় মাসের জন্য গাড়ি চালানো থেকে নিষিদ্ধ করা হয়েছে এবং ১,০৪৪ পাউন্ড জরিমানা করা হয়েছে।
আদালতের একজন মুখপাত্র বলেছেন, সিঙ্গেল জাস্টিস প্রসিডিউরের আওতায় সালাহর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। প্রক্রিয়ায় ম্যাজিস্ট্রেটরা ব্যক্তিগত বা রুদ্ধদ্বার শুনানিতে বসেছিলেন। সালাহ রোলস-রয়েস গাড়ির চালকের পরিচয় সংক্রান্ত তথ্য দিতে ব্যর্থ হওয়ায় দোষী সাব্যস্ত হয়েছেন। নির্ধারিত গতির চেয়ে দ্রুত গাড়ি চালানোর ঘটনা ঘটেছিল এমন এক সময়ে, যখন মিশর অধিনায়ক ঘোষণা দেন লিভারপুলের সাথে নয় বছর কাটানোর পর ক্লাব ছাড়ছেন।
লিভারপুলের হয়ে ৪৪২ ম্যাচে সালাহ ২৫৭ গোল করে গেছেন। ২০২৫/২৬ মৌসুম শেষে তিনি তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পোরে যোগ দিয়েছেন।









