শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচে ওয়ানডে সিরিজের প্রথমটিতে নেমে অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন জো রুট। আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ইংল্যান্ড তারকা। শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েন তিনি।
এই কীর্তি গড়তে তার লেগেছে ৫২১ ইনিংস। শচীন ৫২২ ইনিংসে পৌঁছান ২৩ হাজার আন্তর্জাতিক রানে। তালিকায় শীর্ষে বিরাট কোহলি। ভারত কিংবদন্তি ৪৯০ ইনিংসে ২৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।
মাইলফলক থেকে মাত্র ৩ রান দূরে থেকে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করতে নেমেছিলেন রুট। এরপর দারুণ বাউন্ডারিতে পৌঁছে যান ২৩ হাজার রানের মাইলফলকে। বিশ্বের অষ্টম এবং ইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে এই এলিট ক্লাবে প্রবেশ করেন তিনি।
রুটের আগে ২৩ হাজার আন্তর্জাতিক রান করেছেন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, রিকি পন্টিং ও জ্যাক ক্যালিস।









