মারকুটে ব্যাটিং দিয়ে ওয়ানডে ও টি-টুয়েন্টি মাতালেও টেস্টে কেমন যেন সাদামাটা ছিলেন সৌম্য সরকার। শ্রীলঙ্কা সফরে সেই সাদামাটা পরিসংখ্যান রঙিন করলেন টানা তিন ইনিংসে হাফসেঞ্চুরি করে। কলম্বো টেস্টে তামিমের সঙ্গে ওপেন করতে নেমে সৌম্য ফিরেছেন ৬১ রানে।
গল টেস্টে দুই ইনিংসেই ফিফটি তুলে নিয়েছিলেন সৌম্য। প্রথম ইনিংসে ৭১ রানের দৃষ্টিনন্দন এক ইনিংস খেলেছিলেন। দ্বিতীয় ইনিংসে করেন ৫৩।
কলম্বোতে শততম টেস্টের দ্বিতীয় দিনে লাঞ্চের পর ব্যাটিং করতে নেমে ৯৬ বলে পাঁচটি চারে তুলে নেন ফিফটি।
লাকসান সান্দাকানকে উঠে এসে খেলতে গিয়ে বোল্ড হন সৌম্য। ফেরার আগে ১২১ বলে ছয় চারে ৬১ রান করে সাজঘরে ফিরেছেন।
এর আগে পার্টনার তামিম ইকবালকে নিয়ে ওপেনিংয়ে ৯৫ রানের জুটি গড়েন তিনি।
টেস্ট ক্রিকেটের চারটি অর্ধশতকের মধ্যে তিনটিই শ্রীলঙ্কা সফরে পেলেন সৌম্য।









