ভারতের পশ্চিমবঙ্গে তিস্তা নদীতে প্রবল স্রোতে ভেসে যাওয়া একটি হাতির শাবককে প্রাণে বাঁচিয়েছেন দুই জেলে। শাবকটিকে উদ্ধারে প্রায় তিন কিলোমিটার নৌকা নিয়ে ছুটে যান তারা।
সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে হৃদয়ছোঁয়া এই উদ্ধার অভিযানের দৃশ্য দেখা গেছে।
ভিডিওতে দেখা গেছে, শাবকটিকে নদী থেকে নিরাপদে তুলে আনার পর নৌকায় থাকা ওই ব্যক্তিরা সেটিকে আদরে জড়িয়ে ধরে আছেন।
ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার কাছে তিস্তা নদীর ১২ নম্বর স্পার সংলগ্ন এলাকায়। ওই সময় নদীতে মাছ ধরছিলেন দুই জেলে।
হঠাৎ তারা দেখতে পান, প্রবল স্রোতে একটি হাতির শাবক ভেসে যাচ্ছে। শাবকটিকে স্রোতে ভেসে যেতে দেখে নিজেদের নিরাপত্তার কথা না ভেবেই নৌকা ঘুরিয়ে তার দিকে ছুটে যান তারা। প্রবল স্রোতের মধ্যেই প্রায় তিন কিলোমিটার শাবকটির পিছু নেন জেলেরা।
এরপর জেলেরা অত্যন্ত সতর্কতার সঙ্গে হাতির শাবকটিকে নদী থেকে তুলে নিরাপদে তীরে নিয়ে আসেন। এরপর বিষয়টি স্থানীয় বন বিভাগকে জানান।
খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে তাদের সহযোগিতায় হাতির শাবকটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।









