সাতক্ষীরা ৪ আসনের এমপি (জামায়াত থেকে বহিস্কৃত) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী কিশোরী মরিয়ম হত্যার প্রতিবাদে বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শ্যামনগর উপজেলা সচেতন নাগরিকের ব্যানারে বেলা সাড়ে ১১টায় শত শত নারী পুরুষের উপস্থিতিতে মিছিল নিয়ে শ্যামনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় তার কুশপত্তলিকা দাহ করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, নুরনগর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আবু ইউসুফ, কৈখালী ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক আনিসুর রহমান। এছাড়াও ব্যবসায়ী আব্দুল আজিজ ও আব্দুস সালাম মোড়ল প্রমুখ।
বক্তারা অতি দ্রুত সাতক্ষীরা ৪ আসন শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের দাবি জানান। এসময় কিশোরী মরিয়ম হত্যায় জড়িত গাজী নজরুলের ফাঁসির দাবি তোলেন তারা।
উল্লেখ্য, জামায়াত ইসলাম থেকে গত সংসদ নির্বাচনে সাতক্ষীরা ৪ আসন শ্যামনগর থেকে তিনি নির্বাচিত হন। এরপর নৈতিক স্খলনের অভিযোগে ২২ জুলাই দল থেকে তাকে বহিস্কার করা হয়। গতকাল সন্ধ্যায় ঢাকার ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ।









