দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথমবারের মতো কোনো সার্ভিস চার্জ ছাড়াই শিক্ষার্থীদের বিভিন্ন ফি ও পেমেন্ট আদায়ে ডিজিটাল অটোমেশন ব্যবস্থা চালু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।
রোববার ২০ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ ক্যাশলেস ও অটোমেটেড ক্যাম্পাস গড়ার লক্ষ্যে বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ‘একপে’ পেমেন্ট গেটওয়ের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সময় ও ভোগান্তি কমাতে বিশ্ববিদ্যালয়টি প্রযুক্তিনির্ভর উদ্যোগকে গুরুত্ব দিচ্ছে। নতুন ব্যবস্থার মাধ্যমে সব ধরনের ফি ও পেমেন্ট সার্ভিস চার্জ ছাড়াই ডিজিটাল অটোমেশনের আওতায় এসেছে। ফলে শিক্ষার্থীদের ফি জমা দিতে ব্যাংকের দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না।
উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, শিক্ষার্থীরা ঘরে বসেই এক ক্লিকে বিভিন্ন ফি পরিশোধ করতে পারবেন। এতে সময় বাঁচার পাশাপাশি ক্যাম্পাসের প্রশাসনিক কার্যক্রমও আরও সহজ হবে।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও আধুনিকায়ন নিশ্চিত হবে। একইসঙ্গে কাগজের ভাউচার ও চালানের ব্যবহার কমবে এবং লেনদেনের হিসাব দ্রুত হালনাগাদ করা যাবে।
নতুন এ ব্যবস্থায় শিক্ষার্থীরা সেমিস্টার ফি, কোর্স রেজিস্ট্রেশন, ভর্তি, গ্রেডশিট, ট্রান্সক্রিপ্ট, বিভিন্ন সনদ, হল ও লাইব্রেরিসহ বিভিন্ন ফি পরিশোধ করতে পারবেন। মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এবং ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে এসব ফি দেওয়া যাবে।
পেমেন্ট সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীর অ্যাকাউন্টে ই-রসিদ জমা হবে। একইসঙ্গে লেনদেনের তথ্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ডাটাবেজে স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হয়ে যাবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর পাশাপাশি যবিপ্রবির আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও ডিজিটাল ও অটোমেটেড করার লক্ষ্য রয়েছে।









