বলিউড অভিনেতা হৃতিক রোশনকে তার সুদর্শন চেহারার জন্য ‘গ্রিক গড’ বলা হয়। অভিনয় ও নৃত্যশৈলীর পাশাপাশি তার রূপেরও অনুরাগী অসংখ্য। কিন্তু জানেন কি এক সময়ে হৃতিকের নাম পাঠ্যবইয়ে রাখার কথা ভেবেছিল কলকাতার একটি স্কুল!
পড়ুয়াদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি করতেই নাকি এমন ভাবনা এসেছিল স্কুল কর্তৃপক্ষের। করণ জোহরের সঞ্চালনায় ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে এসে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন হৃতিক।
তিনি জানান, একবার কলকাতায় থাকাকালীন একটি স্কুল বোর্ডের তরফে তার কাছে প্রস্তাব আসে। জীববিজ্ঞানের মতো বিষয়ে পাঠ্যবইয়ে হৃতিকের নাম ব্যবহার করতে চেয়েছিল কলকাতার সেই স্কুল কর্তৃপক্ষ।
তাদের ধারণা ছিল যে, জনপ্রিয় তারকার প্রসঙ্গ থাকলে পড়ুয়ারা বিষয়টি আরও আগ্রহ নিয়ে পড়বে ও জানবে। প্রশ্নের উদাহরণও জানিয়েছিলেন তিনি। যেমন: প্রশ্ন থাকতে পারে, ‘হৃতিক রোশনের শরীরের সবচেয়ে লম্বা হাড় কোনটি?’
এই ধরনের কিছু প্রশ্নের মাধ্যমে বিষয়টিকে পড়ুয়াদের জন্য আরও সহজ করে তুলতে চেয়েছিলেন তারা।”
২০০০ সালে ‘কহো না প্যায়ার হ্যায়’ ছবিতে আমিশা প্যাটেলের বিপরীতে প্রথম ছবি হৃতিকের। প্রথম ছবিতেই নজর কেড়েছিলেন অভিনেতা। তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এরপরে ‘কই মিল গেয়া’, ‘কৃষ’, ‘লক্ষ্য’, ‘যোধা আকবর’, ‘গুজারীশ’, ‘জিন্দেগী না মিলেগী দোবারা’, ‘ওয়ার’-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।
এবার প্রযোজক হিসাবে ওটিটি মঞ্চে সফর শুরু করতে চলেছেন হৃতিক। তার নতুন সিরিজ ‘স্টর্ম’-এ অভিনয় করবেন পার্বতী থিরুভোথু, অলায়া এফ, সৃষ্টি শ্রীবাস্তব, রমা শর্মা এবং সাবা আজাদ। এছাড়াও ‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি ‘কৃষ ৪’-এ আবার কৃষ্ণ মেহরার চরিত্রে হৃতিককে দেখা যাবে বলে জানা গেছে।









