মৎস্য উৎপাদনে বাংলাদেশের সাফল্যকে আরও এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও পুষ্টিবিষয়ক নানা দিক নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে অ্যাকোয়াকালচার টেকনিক্যাল সেমিনার।
শুক্রবার ১৮ সেপ্টেম্বর ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এ সেমিনারে দেশের মৎস্য খাতের উদ্যোক্তা ও সংশ্লিষ্টরা অংশ নেন। ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (ইউএসএসইসি)-এর তত্ত্বাবধানে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্য অনুযায়ী, স্বাদু পানির মাছ উৎপাদনে বাংলাদেশ বর্তমানে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। ইলিশ উৎপাদনে বিশ্বে শীর্ষে এবং তেলাপিয়া উৎপাদনে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ।

সেমিনারে মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত খাদ্য ব্যবস্থাপনা, মাছের পুষ্টি এবং সামুদ্রিক মাছ চাষের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইউএসএসইসির মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়া (মেনাসা) অঞ্চলের এক্সিকিউটিভ ডিরেক্টর কেভিন রোপকে। ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘ফোর-ডি’স অব ডিফারেনশিয়েশন’ বিষয়ে বক্তব্য দেন ইউএসএসইসির মেনাসা অঞ্চলের রিজিওনাল অ্যানিমেল সেক্টর লিড ফারাহ আহমেদ।
কারিগরি অধিবেশনে বাংলাদেশে মৎস্য চাষে নতুন প্রযুক্তি গ্রহণের মাধ্যমে পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরেন ফিশারিজ বায়োলজি অ্যান্ড অ্যাকুয়াটিক এনভায়রনমেন্ট বিভাগের অধ্যাপক এস এম রফিকুজ্জামান। ইউএসএসইসির ওয়ার্ল্ডওয়াইড অ্যাকোয়াকালচার টেকনিক্যাল কনসালট্যান্ট ঝৌ এনহুয়া (জো) সয়াবিনভিত্তিক ফিড প্রযুক্তি ব্যবহার করে নিবিড় পুকুরে মাছ চাষের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সেমিনারে ইন-পন্ড রেসওয়ে সিস্টেম বা আইপিআরএস প্রযুক্তির সম্ভাবনাও তুলে ধরা হয়। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এ প্রযুক্তিতে পুকুরের মধ্যে কৃত্রিম স্রোত তৈরি করে তুলনামূলক কম জায়গায় বেশি মাছ উৎপাদন করা সম্ভব। একই সঙ্গে বর্জ্য অপসারণের ব্যবস্থা থাকায় পানির মান নিয়ন্ত্রণ এবং রোগের ঝুঁকি কমানো যায়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এশিয়া মেরিন অ্যাকোয়াকালচার স্পেশালিস্ট সিয়াং পিন ল্যান শন সামুদ্রিক মাছ চাষ শিল্প গড়ে তুলতে মার্কিন সয়াবিনের ভূমিকা নিয়ে বক্তব্য দেন। ম্যাভেরিক ইনোভেশনের সিইও ও প্রতিষ্ঠাতা কবির চৌধুরী মিঠা পানির মাছের পুষ্টির সাম্প্রতিক প্রবণতা তুলে ধরেন।
বিকেলে ইউএসএসইসির ইস্ট এশিয়া অ্যাকোয়াকালচার লিড লুকাস মানোমাইটিসের সঞ্চালনায় প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অধ্যাপক এস এম রফিকুজ্জামান, কবির চৌধুরী, ঝৌ এনহুয়া (জো) এবং সিয়াং পিন ল্যান শন অংশ নেন।
পরে ইউএসএসইসির বাংলাদেশ মার্কেট লিড খবিবুর রহমানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি হয়।









