এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আসছি, দেখা হবে খুব শীগগিরই
এ পত্র পৌঁছে গিয়েছিল তার কাছে
প্রাপক তখন হা করে থাকা কড়াইয়ের ভিতর
মশলা মাখানো কয়েকটা টাকি মাছ ছেড়েছে
আগুন ধোঁয়া আর রান্নাঘরের গরমে তেঁতে মেতে আছে
তার মধ্যেও পত্রের উত্তর, আরো তিন পদের তরকারি হবে
তারপর ঘন কইরা ডাল রান্না করুম
তোমার যখন আসনের কথা আইসা যাইও মিয়া
গরম কড়াইয়ের তেল পানি মশলা আর মাছেরা
জগৎ সংসারে ঝোলের ঘ্রাণ ছড়িয়ে দেয়
সেই আনন্দে মানুষটা হাসে, হাসে আরো এক কৌতুকে
চক্ষুই নাই, তবু ঠিকানাবিহীন খাম লইয়া হাজির হইতে পারো
মিয়া, জীবন নিয়া কারবার তোমার, মানুষ চেনার সাধ্য নাই
দ্বিতীয় কোনো কাজ কাম হয় নাই জানতে শিখতে
যাইবা নাকি আমার সঙ্গে কৈশোরে যৌবনে
লইয়া যাইতে পারি টোয়েনবি সার্কুলার রোড,
পত্রিকা অফিস, ছাপাখানা, অজস্র অযথা আড্ডায়
তোমারে দেখাইতে পারি মানুষের নামে ছাপা হওয়া বই, লাইব্রেরি
আর বর্তমানরে চিনবার চাইলে যাইতে পারি হাসপাতালে
দেখবা সেইখানে ক্যামনে মৃত্যুরে উপেক্ষা করতে শেখে মানুষ
উপেক্ষা বা অপেক্ষায় অনেকেই সময় নষ্ট করেনা
বেঁচে থাকাটা একরকমের অনুমান বইলাই জানে কেউ কেউ
চোখে দেখিনা অনেকদিন তবু মনে আছে বিস্তর সুখ
এট্টুও ভুল হয় না রান্নায় তেল মশলার পরিমাণ।
(১৪/০৯/২০২৬)









