কক্সবাজারের মহেশখালীতে চোর সন্দেহে মো. ফয়সাল (২৬) নামের এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে পিঠের উপর ইট দিয়ে পৈশাচিকভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব ফকিরাঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
যেখানে দেখা যায়, চুরির অভিযোগে ফয়সাল নামের এই যুবককে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে পিঠের উপর ইট দিয়ে একদল কিশোর পেটাচ্ছে।
বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দিবাগত রাতে তাকে চোর সন্দেহে আটকের পর খুঁটির সাথে বেঁধে পেটানো হয়। মঙ্গলবার সকালেও পেটানো হয়েছে। এতে ওই যুবক মারা গেছে।
মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুস সোলতান জানান, ঘটনার বিষয়টি জানার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।









