এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগে স্নাতক পর্যায়ে প্রথম শ্রেণিতে প্রথম হয়েও ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তার সহপাঠী পদ্য আলম।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি তাহসিনের সিদ্ধান্তকে সম্মান জানানোর পাশাপাশি তার বিরুদ্ধে ওঠা ‘কড়া মব’-এর মূল হোতা হওয়ার অভিযোগের প্রমাণ দাবি করেছেন।
পদ্য আলম তার পোস্টে জানান, প্রথম বর্ষ থেকেই তাহসিনকে তিনি ভালো বন্ধু হিসেবে মনে করতেন। একপর্যায়ে তাহসিনের কিছু আচরণের কারণে সহপাঠীদের অনেকের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। তবে ব্যক্তিগতভাবে তিনি কখনো তাহসিনের সঙ্গে খারাপ ব্যবহার করেননি বলেও দাবি করেন।
পোস্টে একটি মিডটার্ম পরীক্ষার ঘটনার কথাও উল্লেখ করেন পদ্য। তার দাবি, ওই পরীক্ষার পর তাহসিন তার খাতার রেফারেন্স নিয়ে শিক্ষকের কাছে গিয়েছিলেন। পরে বিষয়টি নিয়ে ইনবক্সে একাধিকবার ক্ষমা চেয়েছিলেন তাহসিন এবং তিনি তাকে ক্ষমা করে বিষয়টি সেখানেই শেষ করেছিলেন।
২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রসঙ্গে পদ্য বলেন, সে সময় বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থক এবং আন্দোলনে সক্রিয় শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক অবস্থানের বিভাজন স্পষ্ট হয়ে উঠেছিল। তবে তাঁদের মতো অনেক সাধারণ শিক্ষার্থী কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থেকেও ফ্যাসিজমের অবসান, মানুষের নিরাপত্তা, সমতা ও গণতান্ত্রিক বাংলাদেশের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন।
তিনি বলেন, জুলাই-পরবর্তী বাংলাদেশের অনেক কিছুই তাকে হতাশ করেছে। তবে সে কারণে জুলাই আন্দোলনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে তাঁর কোনো অনুশোচনা নেই।
তাহসিনের সঙ্গে পরীক্ষায় না বসার সিদ্ধান্তের বিষয়ে পদ্য জানান, তাদের ব্যাচে ৩৪ জন শিক্ষার্থী ছিলেন। তার দাবি, ৩৩ জন মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন, ছাত্রলীগের পদপ্রাপ্ত নেত্রী হিসেবে পরিচিত তাহসিনের সঙ্গে পরীক্ষা দেওয়া হবে না। তাঁদের বিভাগ থেকেও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের বয়কটের বিষয়ে একটি লিফলেট প্রকাশ করা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
তাহসিনের ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যানের সিদ্ধান্তকে তার ব্যক্তিগত অধিকার হিসেবে উল্লেখ করে পদ্য বলেন, তিনি সেই সিদ্ধান্তকে সম্মান করেন। তবে গত দুই বছরে তাহসিনের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিল না বলেও দাবি করেন। এমনকি জুলাই মাসেও তাদের মধ্যে সরাসরি বা অনলাইনে কোনো কথোপকথন হয়নি বলে জানান তিনি।
পদ্য আরও বলেন, ২০২৪ সালে বা বর্তমানে তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য বা কর্মী নন। একজন সাধারণ শিক্ষার্থী ও নাগরিক হিসেবে অন্যায় মনে হওয়া কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।
তবে তাহসিনের পক্ষ থেকে তাকে ‘কড়া মব’-এর মূল হোতা হিসেবে অভিযুক্ত করা হচ্ছে দাবি করে পদ্য প্রশ্ন তোলেন, ‘আমি তার বিরুদ্ধে ঠিক কী মব তৈরি করেছি? কোথায়? কখন? কীভাবে?’
অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ থাকলে তা প্রকাশের আহ্বান জানিয়ে পদ্য বলেন, সত্যিকারের প্রমাণ পাওয়া গেলে তিনি তার বক্তব্য প্রত্যাহার করতে প্রস্তুত। একই সঙ্গে অভিযোগের কারণে তাঁর সামাজিক ও ব্যক্তিগত জীবনে ক্ষতি হচ্ছে বলেও দাবি করেন তিনি।
পোস্টের শেষ দিকে তাহসিনের ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যানের সিদ্ধান্তের জন্য তাকে অভিনন্দন জানান পদ্য। পাশাপাশি হার্ভার্ডে যাওয়ার জন্য শুভকামনা জানিয়ে রাজনৈতিক মতপার্থক্য ও ব্যক্তিগত বিরোধের ঊর্ধ্বে উঠে একে অন্যকে মানুষ হিসেবে সম্মান করার আহ্বান জানান।









