ভারতের গাজিয়াবাদের একটি আবাসিক সোসাইটিতে পোষা কুকুরকে লিফটে তোলা নিয়ে বিরোধের জেরে স্কুলশিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। ঘটনাটি রাজ নগর এক্সটেনশনের উইন্ডসর প্যারাডাইস সোসাইটির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১২ সেপ্টেম্বর বেলা ৩টার দিকে ইন্দিরাপুরমের একটি স্কুল থেকে বাড়ি ফিরছিলেন শিক্ষক হিনা বারি। সোসাইটির লিফটে ওঠার সময় সেখানে শ্বেতা সুবে নামে এক নারী তার কুকুর নিয়ে আগে থেকেই ছিলেন।
হিনার অভিযোগ, শ্বেতা অন্য বাসিন্দাদের লিফটে উঠতে দিচ্ছিলেন না। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, লিফটের ভেতরে কুকুরকে ঘিরে দুই নারীর মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা চলছে। একপর্যায়ে একজন নারী অন্যজনকে লাঠি দিয়ে আঘাত করার পর চড় মারেন বলে ফুটেজে দেখা যায়। পরে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। লিফটের বাইরে থাকা এক নিরাপত্তারক্ষী হস্তক্ষেপ করে তাদের আলাদা করেন।
ঘটনার পর হিনা নন্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দেন। অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়েরের পাশাপাশি কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি।
পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্তের পাশাপাশি সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হচ্ছে।









