শেষ হল চলতি মেয়েদের জুনিয়র এশিয়া কাপ হকিতে বাংলাদেশের পথচলা। দলটি অবশ্য দারুণ অর্জন কুড়িয়েও ফিরবে না দেশ। চীন থেকে উড়াল দেবে এশিয়ান গেমসে, গন্তব্য জাপান। এশিয়া কাপে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়াকে ২-১এ হারিয়ে পাঁচে থেকে শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। জয়ে এবং অবস্থানের কারণে বিশ্বকাপ খেলার সুযোগ দেখছেন কোচ জাহিদ হোসেন রাজু। কিন্তু কীভাবে?
প্রথমে বলে নেয়া ভালো, এশিয়া কাপের শীর্ষে থাকা চার দল জায়গা করে নেবে ২০২৭ সালের মেয়েদের জুনিয়র এশিয়া কাপ হকিতে। যাদের মধ্যে আছে ভারত, সাউথ কোরিয়া, চীন এবং জাপান। এখানে একটি সুযোগের হাতছানি দিচ্ছে বাংলাদেশের।
আগামী বছর গড়াতে চলা ওই বিশ্বকাপ আয়োজন করার কথা রয়েছে ভারতের। যদি ভারত বিশ্বকাপ আয়োজন করে, তাহলে স্বাগতিক হয়ে আসরে জায়গা করে নেবে। সেক্ষেত্রে জুনিয়র এশিয়া কাপে ভারত ছাড়া বাকি তিন শীর্ষ দল এবং ভারতের পরিবর্তে পঞ্চম দলটি বিশ্বকাপে খেলবে। আর পঞ্চম স্থানে আছে বাংলাদেশ। ঠিক সে কারণে কোচ রাজু বলেছেন, ‘আমাদের খেলোয়াড়দের চেষ্টাই ছিল বিশ্বকাপে যাওয়ার, আমাদের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। মনে হয়ে আমরা বিশ্বকাপ খেলবো।’
বাংলাদেশের পঞ্চম স্থান অর্জন করার গল্পটা ছিল অসাধারণ। চ্যালেঞ্জিং গ্রুপ থেকে ৪ ম্যাচে ৪ জয় নিয়ে নকআউটে আসা। সেখানে জাপানের সাথে হেরে সেমিফাইনাল খেলার স্বপ্ন ভাঙলেও আসরে টিকে ছিল দলটি। এলিট গ্রুপ থেকে উঠে আসা শক্তিশালী মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের প্রথম এবং দ্বিতীয় কোয়ার্টারে কোন গোলের দেখা পায়নি দুদল। তৃতীয় কোয়ার্টারে প্রথম মিনিটে বাংলাদেশকে লিড এনে দেন অধিনায়ক শারিকা রিমন। ৭ গোল করে এখনও আসরের সর্বোচ্চ গোলদাতা বাংলাদেশের শারিকা। চতুর্থ কোয়ার্টারে স্কোর দিগুণ করেন কণা আক্তার। ৫৯ মিনিটে ব্যবধান কমায় মালয়েশিয়া, গোল করেন ইরদিনা জেফরি।
দুর্দান্ত খেলে এমন বড় আসর শেষ করে বিশ্রামের সুযোগ পাচ্ছেন না বাংলাদেশের মেয়েরা। কোচ রাজু জানিয়েছে, এশিয়ান গেমসের জন্য দেশে না ফিরে জাপানের পথে রওনা হবেন মেয়েরা। ১৩ জন খেলোয়াড় এখান থেকে সরাসরি যাবেন, দেশ থেকে যাবেন আরও ৫জন।
১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমসের হকি ইভেন্ট। যেখানে ছেলে এবং মেয়েদের দুই বিভাগেই খেলবে বাংলাদেশ।









