কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) নিখোঁজের প্রায় চার ঘণ্টা পর দুপুর ২টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ বিজিবি বিওপির সামনে নাফ নদীর অংশ থেকে তাদের উদ্ধার করা হয়।
নিহত দুই কিশোর হলো, শাহপরীরদ্বীপ উত্তরপাড়া এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে মোহাম্মদ নিশান (১৩) এবং একই এলাকার কেফায়েত উল্লাহর ছেলে আরজিন (১১)।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দুই কিশোর শাহপরীরদ্বীপ জেটিঘাট সংলগ্ন নাফ নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও জেলেরা নদীতে তল্লাশি শুরু করেন। পরে কোস্টগার্ড সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন।
দুপুর ২টার দিকে স্থানীয়দের সহযোগিতায় আরজিনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অন্য কিশোর নিশানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত জাহান বলেন, নাফ নদী থেকে মো. নিশানকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। অতিরিক্ত পানি পান করায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সনজীব কান্তি নাথ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দুই কিশোর নিখোঁজ হওয়ার বিষয়টি জানা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়। আরজিনকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া যায় এবং নিশানকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









