এই খবরটি পডকাস্টে শুনুনঃ
হাটহাজারীর ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ক্যাপ্টেন মির্জা মহিউদ্দিনের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) মডার্ন আইসিইউতে গেছেন প্রধানমন্ত্রী।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১টা ৫৩ মিনিটে প্রধানমন্ত্রী সিএমএইচে পৌঁছান। প্রধানমন্ত্রী আইসিইউতে চিকিৎসাধীন ক্যাপ্টেন মির্জা মহিউদ্দিনকে দেখেন এবং তার শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন।
হাটহাজারীর ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ক্যাপ্টেন মির্জা মহিউদ্দিনের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তিনি মডার্ন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থা গুরুতর।
গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হাটহাজারীর সেনা প্রশিক্ষণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সৈনিক গানার রিফাত (নং-১০০৮২০১) ও সৈনিক অপারেটর সিদ্দিক (নং-১০০৮০৯৬)। আহত সেনা কর্মকর্তা হলেন ক্যাপ্টেন মির্জা মহিউদ্দিন (বিএ-১০৫৮৫)।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ফিল্ড ফায়ারিং অনুশীলনের অংশ হিসেবে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনাটি ঘটে। আহত ক্যাপ্টেন মির্জা মহিউদ্দিনকে প্রথমে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে, ট্যাংকের ফায়ারিং অনুশীলন চলাকালে কী কারণে এই আকস্মিক দুর্ঘটনা ঘটল, তার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।









