সুইডেনে এটিএমে (ব্যাংকোমাট) পড়ে থাকা ১ হাজার ৯০০ ক্রোনা নিয়ে নেওয়ায় ৬৫ বছর বয়সী এক ব্যক্তিকে ৫২ হাজার ক্রোনা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ওই নারীকে ১ হাজার ৯০০ ক্রোনা ক্ষতিপূরণ এবং এর ওপর সুদ পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সুইডেনের একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনাটি চলতি বছরের জানুয়ারিতে স্টকহোমের উত্তরে উপ্পলান্দস ভ্যেসবির একটি এটিএমে ঘটে। এক নারী এটিএম থেকে টাকা তোলার চেষ্টা করেন। তবে লেনদেন ব্যর্থ হয়েছে মনে করে তিনি এটিএম বুথ থেকে চলে যান।
কিন্তু তার টাকা তোলার লেনদেনটি সফল হয়েছিল। ফলে এটিএমের টাকা বের হওয়ার স্থানে ১ হাজার ৯০০ ক্রোনা পড়ে ছিল। এর কিছুক্ষণ পর ৬৫ বছর বয়সী ওই ব্যক্তি নিজের টাকা তুলতে একই এটিএমে আসেন। সেখানে পড়ে থাকা টাকাগুলো দেখতে পেয়ে তিনি সেগুলো নিয়ে নেন বলে সুইডিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
প্রাথমিক তদন্তের সময় ওই ব্যক্তি টাকা নেওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, টাকা ফেরত দিতে তিনি প্রস্তুত ছিলেন। তবে পাওয়া টাকা নিজের কাছে রাখা যে অপরাধ, তা তিনি জানতেন না বলে দাবি করেন। এ কারণে টাকাগুলো পুলিশের কাছে জমা দেওয়ার কথাও তার মনে হয়নি বলে জানান তিনি।
তবে ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আদালত ভিন্ন সিদ্ধান্তে পৌঁছান। আদালতের মতে, ওই ব্যক্তি টাকার মালিককে খুঁজে বের করার কোনো চেষ্টা করেননি। বরং ফুটেজে এমন আচরণ দেখা গেছে, যাতে মনে হয়েছে তিনি সচেতনভাবেই টাকাগুলো নিজের বলে গোপন করার চেষ্টা করেছিলেন।
আদালত তাকে অবৈধভাবে অন্যের সম্পদ নিজের দখলে নেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত করে মোট ৫২ হাজার ক্রোনা জরিমানা করেছেন। পাশাপাশি ওই নারীকে ১ হাজার ৯০০ ক্রোনা ক্ষতিপূরণ এবং এর ওপর সুদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অর্থাৎ, এটিএম থেকে নেওয়া ১ হাজার ৯০০ ক্রোনার জন্য শেষ পর্যন্ত তাকে গুনতে হচ্ছে মূল টাকার প্রায় ২৭ গুণেরও বেশি।









