এই খবরটি পডকাস্টে শুনুনঃ
‘জাতীয় নগর উন্নয়ন নীতি’ প্রণয়নে বাংলাদেশকে সহায়তা করতে যুক্তরাজ্য ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি বিনিয়োগ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের অংশীদারিত্ব থেকে পাওয়া অভিজ্ঞতা এবং ভবিষ্যতে দুই দেশ কীভাবে একসঙ্গে কাজ করতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে।
এ সময় স্থায়িত্ব নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার গুরুত্ব নিয়েও আলোচনা হয়। বিশেষ করে গ্রামীণ অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বাস্তব ও প্রত্যক্ষ প্রভাব মোকাবেলায় কাজ করছে। বিশেষ করে সুন্দরবনসহ ঝুঁকিপূর্ণ এলাকায় মানুষের সহনশীলতা বাড়াতে যুক্তরাজ্যের বিভিন্ন উদ্যোগ রয়েছে।
বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের সহযোগিতার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে যৌথ উদ্যোগ আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।









