মেয়েদের জুনিয়র এশিয়া কাপ হকির কোয়ার্টার ফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব-২০ দলকে উড়িয়ে দিয়েছে ভারত অনূর্ধ্ব-২০। ম্যাচেজুড়ে পাকিস্তানের জালে গোল উৎসব করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ১৯-০ গোলে জিতে সবার আগে সেমিফাইনালের টিকিট কেটেছে তারা।
চীনের মকিতে ভারতের হয়ে হ্যাটট্রিক করেছেন পূজা মালিক। জোড়া গোল করেন আইন্দ রোশনি, সানিকা চন্দ্রকান্ত মানে, সিদার এবং সুপ্রিয়া। একটি করে গোল করেছেন পূজা সাহু, তানিশ্রী দীনেশ কাদু, সুখভীর কারু, গীতা যাদব, তানুজা তোপ্পো, পূর্ণিমা যাদব, কৃষ্ণা শর্মা এবং বিনিমা ধান।
প্রথম কোয়ার্টারে ভারতের প্রথম গোল করেন পূজা সাহু। ব্যবধান দিগুণ করেন আইন্দ রোশনি। তানিশ্রী দীনেশ কাদু তৃতীয়, সুখভীর কারু চতুর্থ ও সানিকা চন্দ্রকান্ত মানে পঞ্চম গোল করেন।
দ্বিতীয় কোয়ার্টারে মধু সিদার, গীতা যাদব, মানের দ্বিতীয়, তোপ্পো পূজা মালিকে গোলে ব্যবধান দাঁড়ায় ১০-০তে। তৃতীয় কোয়ার্টারে পূর্ণিমা যাদব, সিদারের দ্বিতীয় এবং সুপ্রিয়ার গোলে ১৩-০তে এগিয়ে যায় ভারত।
শেষ কোয়ার্টারে গোল করেন কৃষ্ণা। ৪৯ এবং ৫১ মিনিটে জোড়া গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন মালিক। শেষে সুপ্রিয়া নিজের দ্বিতীয় গোলটি করেন। আর ধান ও রোশনির গোলে ম্যাচ শেষ হয় ১৯-০ ব্যবধানে।
আরেক কোয়ার্টারে সাউথ কোরিয়া এবং মালয়েশিয়ার মধ্যকার জয়ী দল সেমিতে ভারতের মুখোমুখি হবে। দিনের অন্য ম্যাচে, বাংলাদেশ সময় দুপুর ২:৪৫ মিনিটে জাপানের বিপক্ষে সেমিতে ওঠার লড়াইয়ে নামবে লাল-সবুজের বাংলাদেশ।









