ইউরোপের শেনজেন ভিসার আদলে মধ্যপ্রাচ্যের ছয় দেশে ভ্রমণের জন্য একক ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ চালুর উদ্যোগ দ্রুত বাস্তবায়নের পথে। এই ভিসা চালু হলে আন্তর্জাতিক পর্যটকরা একটি ভিসার মাধ্যমেই গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) ছয় সদস্য দেশে ভ্রমণ করতে পারবেন।
সম্প্রতি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ‘সিকিউরিটি অ্যান্ড হিস্ট্রি ডায়ালগ ২০২৬’-এর বিশেষ অধিবেশনে এ তথ্য জানান জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইবি। খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা একক ভিসা ব্যবস্থা খুব শিগগিরই চালু হতে পারে।
নতুন ব্যবস্থা চালু হলে পর্যটকদের ছয় দেশের জন্য আলাদা ভিসা নিতে হবে না। একটি ভিসার মাধ্যমেই তারা জিসিসির সদস্য দেশগুলোতে প্রবেশ ও ভ্রমণের সুযোগ পাবেন।
যেসব দেশে ভ্রমণ করা যাবে
জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসার আওতায় থাকবে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান ও কুয়েত।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে এক সফরেই এসব দেশের বিভিন্ন পর্যটন ও সাংস্কৃতিক গন্তব্য ঘুরে দেখার সুযোগ পাবেন আন্তর্জাতিক পর্যটকরা। একই সঙ্গে জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে পর্যটন খাতের যোগাযোগ ও আঞ্চলিক পর্যটন আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
তবে ভিসাটি ঠিক কবে চালু হবে, কীভাবে আবেদন করতে হবে, ভিসা ফি কত হবে এবং এর মেয়াদ কতদিন থাকবে, সে বিষয়ে এখনো বিস্তারিত ঘোষণা দেওয়া হয়নি।
জিসিসির সদস্য দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো ভিসা ব্যবস্থাটির চূড়ান্ত বাস্তবায়ন নিয়ে যৌথভাবে কাজ করছে। সংশ্লিষ্টদের আশা, একক এই ভিসা চালু হলে আন্তর্জাতিক পর্যটকদের জন্য ছয়টি দেশে ভ্রমণ আরও সহজ হবে এবং মধ্যপ্রাচ্যের পর্যটন খাতও নতুন গতি পাবে।









