এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির অব্যাহত রয়েছে। টানা চতুর্থ কার্যদিবসে মূল্যবৃদ্ধির পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৯৯ ডলার ছাড়িয়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাত পর্যন্ত পাওয়া বাজারমূল্যের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৭ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯৯ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে।
একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৬০ ডলার বা ১ দশমিক ৭২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৬৩ ডলারে লেনদেন হচ্ছে।
পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনায় ইরানের নতুন করে হামলার পর তেলের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। ওয়াশিংটন ও তেহরানের চলমান সংঘাত আঞ্চলিক পর্যায়ে আরও ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে ছয় মাস ধরে চলা যুদ্ধের স্থায়ী সমাধানের সম্ভাবনা কমে যাওয়ার পাশাপাশি সাম্প্রতিক সময়ে সংঘাত ফের তীব্র হয়েছে। এর প্রভাবে আগস্টের শুরু থেকে এখন পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২৫ শতাংশ বেড়েছে।









