জুতা পরেও যেন খালি পায়ে হাঁটা! চ্যানেলের ২০২৭ সালের অবকাশকালীন পোশাকের প্রদর্শনী থেকে লালগালিচা ফ্যাশন দুনিয়ায় এবার আলোচনায় এমন এক স্যান্ডেল, যা দেখে প্রথমে মনে হতে পারে, জুতা পরতেই বুঝি ভুলে গেছেন!
ফ্যাশনের দুনিয়ায় ‘কমই বেশি’ এই ধারণা নতুন নয়। তবে সেই ‘কম’ যখন জুতার ক্ষেত্রেও চলে আসে, তখন বিষয়টি বেশ মজার হয়ে দাঁড়ায়। সাধারণত জুতার কাজ পা ঢেকে রাখা, সুরক্ষা দেওয়া এবং পোশাকের সঙ্গে মানানসই করে সাজানো। কিন্তু এবার ফ্যাশন বলছে, পা ঢাকার এত আয়োজনেরই বা কী দরকার! চ্যানেলের ২০২৭ সালের অবকাশকালীন পোশাকের প্রদর্শনীতে দেখা গেছে এমন এক স্যান্ডেল, যা দেখতে জুতার মতো হলেও পায়ের বেশির ভাগ অংশই থাকে খোলা। পাতলা কয়েকটি ফিতা আর পেছনে সামান্য উঁচু অংশ ব্যস, এটুকুই যেন পুরো জুতা! তাই এর নামও দেওয়া হয়েছে ‘খালি পায়ের স্যান্ডেল’।
প্রদর্শনীর পর এই অদ্ভুত অথচ নজরকাড়া স্যান্ডেল জায়গা করে নিয়েছে লালগালিচাতেও। ‘দ্য ডগ স্টারস’ সিনেমার প্রিমিয়ারে অভিনেত্রী মার্গারেট কোয়ালি এই স্যান্ডেল পরে হাজির হয়ে ফ্যাশনপ্রেমীদের নজর কেড়েছেন। কালো চ্যানেল পোশাকের সঙ্গে তাঁর পায়ে ছিল সেই প্রায়-অদৃশ্য স্যান্ডেল। দূর থেকে দেখলে মনে হবে, তিনি বুঝি খালি পায়েই লালগালিচায় হাঁটছেন। আর সেখানেই তৈরি হয়েছে পুরো সাজের আসল চমক।
ফ্যাশনপ্রেমীদের কাছে এটি সাহসী ও ব্যতিক্রমী সাজের উদাহরণ হলেও সাধারণ দর্শকের মনে প্রশ্ন উঠতেই পারে ‘জুতা যদি এতটাই কম থাকে, তাহলে সেটাকে জুতা বলা হচ্ছে কেন?’ কেউ হয়তো ভাবছেন, এটি ফ্যাশনের নতুন সংজ্ঞা। আবার কারও চোখে মনে হতে পারে, জুতার বাকি অংশটি বুঝি পথে হারিয়ে গেছে!
অবশ্য লালগালিচার মসৃণ মেঝেতে এই স্যান্ডেল যতটা আকর্ষণীয়, বাস্তব জীবনের ব্যস্ত রাস্তায় এটি কতটা আরামদায়ক বা ব্যবহারিক, সেটি নিয়ে প্রশ্ন থেকেই যায়। ধুলা-বালি, পানি, পাথর কিংবা খানাখন্দে ভরা ফুটপাথে এই জুতা পরে হাঁটার কথা ভাবলে ফ্যাশনের চেয়ে পায়ের নিরাপত্তাই হয়তো আগে মাথায় আসবে। বিশেষ করে আমাদের দেশের ব্যস্ত শহুরে রাস্তায় এই স্যান্ডেল পরে হাঁটা মানে হতে পারে সাজের সঙ্গে নতুন এক দুঃসাহসিক অভিজ্ঞতা!
তবে ফ্যাশনের মূল খেলাটাই তো এখানে। সব ফ্যাশন যে প্রতিদিনের জীবনে ব্যবহার করার জন্য, এমন নয়। অনেক সময় এমন কিছুই জনপ্রিয় হয়ে ওঠে, যা মানুষকে থামিয়ে তাকাতে বাধ্য করে। চ্যানেলের এই ‘খালি পায়ের স্যান্ডেল’ও ঠিক তেমনই। এটি শুধু একটি জুতা নয়, বরং এমন একটি ফ্যাশন বক্তব্য, যা প্রচলিত ধারণাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
আগে বলা হতো, পোশাক যত সাধারণ হবে, সাজের আনুষঙ্গিক জিনিস তত বেশি নজর কাড়বে। এখন মনে হচ্ছে, নিয়মটা একটু বদলে গেছে সাজের সবচেয়ে ছোট অংশটিও যদি যথেষ্ট আলোচনার জন্ম দিতে পারে, তাহলেই হলো। আর সেই জায়গা থেকে ‘খালি পায়ের স্যান্ডেল’ বেশ সফল। কারণ জুতা নিয়ে এত আলোচনা হওয়াটাই প্রমাণ করে, ফ্যাশনে নজর কাড়তে সবসময় বড় কিছু প্রয়োজন হয় না, কখনো কখনো কম জুতা, বেশি সাহস-ই যথেষ্ট!
তাই ভবিষ্যতে কাউকে দেখে যদি মনে হয়, ‘তিনি কি জুতা পরতে ভুলে গেছেন?’ একবার ভালো করে তাকিয়ে নেবেন। কারণ ফ্যাশনের দুনিয়ায় এখন হয়তো উত্তরটা হবে জুতা পরেছেন ঠিকই, শুধু জুতাটাই এত কম যে চোখে পড়ছে না!









