এশিয়ান গেমসের ২০তম আসরে ২২টি ইভেন্টে অংশগ্রহণ করবে বাংলাদেশ দল। সোমবার বিকেলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলন করে এশিয়ান গেমসের যাবতীয় তথ্য জানান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মেজর (অব.) ইমরোজ আহমেদ। এ সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ সালাউদ্দিন আহমেদ জানান, তারা পদক জয়ের বিকল্প চিন্তা করছেন না।
বিভিন্ন প্রশ্নের জবাবে সালাউদ্দিন জানান, ‘বাংলাদেশ ক্রিকেট টিম ভালো করবে এবং আমরা সাধারণত খুব বেশি পদক পাইনা। যেহেতু ক্রিকেটে আমি মনে করি পুরো দেশ আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা যেন ভালো করি এবং আমি আশা করি আমরা ভালো করবো। যেহেতু খেলাধুলা করতে আসছি এখানে, চ্যাম্পিয়ন চিন্তা করা ছাড়া আসলে আমাদের কোন বিকল্প নাই। আমরা আশা করবো ছেলে এবং মেয়েরা ভালো করবে এবং আমরা ভালো পদক নিয়ে আসবো।’
‘আমরা দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। আমরা ভালো খেলবো, খেলাটাই আমাদের মুখ্য। চ্যালেঞ্জ থাকবেই সব জায়গায়। আমার কাছে মুখ্য বিষয় যে আমরা একটা জায়গায় খেলতে যাচ্ছি এটা, দেশের প্রতিনিধিত্ব করতেছি। আমাদের এখানে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে আমরা যেন খেলাটার দিকেই তাকিয়ে থাকি।’
দলের প্রায় সবাই জাতীয় দলের হওয়া নিয়ে কোচ জানান, ‘প্রথমে আমাদেরকে হয়তো ‘বি’ টিম দেওয়ার কথা ছিল। যখন আমরা দেখেছি যে অন্যান্য অন্যান্য দেশগুলোও তাদের জাতীয় দল পাঠাচ্ছে, সেখানে আমরা কেন পাঠাবো না। আমরা মনে করি যে এটা একটা চ্যালেঞ্জিং সিরিজ হবে। আমাদের যে উদ্দেশ্য যে অবস্থা দেওয়া হয়েছে সেখানেও আমি মনে করি যে আমাদের ফাইনালে যাওয়ার মত খুব সহজ একটা সুযোগ আছে।’









