মেয়েদের জুনিয়র এশিয়া কাপ হকিতে একের পর এক চমক দেখিয়ে চলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। চাইনিজ তাইপের বিপক্ষে ৭-০ গোলে বিশাল জয়, এবার বড় জয় পাকিস্তানের বিপক্ষেও। ম্যাচজুড়ে একক আধিপত্য ছিল লাল-সবুজের প্রতিনিধিদের, জয় ৫-১ গোলে। টানা জয়ে গ্রুপ টেবিলে শীর্ষে উঠে গেছে বাংলাদেশ।
হুলুনবুইর সিটিতে রোববার পাকিস্তানকে বিপক্ষে বড় জয়ে বাংলাদেশের হয়ে একটি করে গোল করেছেন লনিমা নূপুর, নাদিরা এমা, শারিকা রিমন, কোনা আক্তার ও আইরিন আকরের রিয়া। ম্যাচের নবম মিনিটে কোনাকুনি এক শটে দলকে এগিয়ে দেন লনিমা নুপুর। দ্বিতীয় কোয়ার্টারে এমার গোলে দ্বিগুণ হয় ব্যবধান।
তৃতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি স্ট্রোক পায় বাংলাদেশ। ব্যবধান আরও বাড়ান রিমন সারিকা। পাকিস্তান অধিনায়ক শারিকার একমাত্র গোলে এরপর ব্যবধান কিছুটা কমে। তবে বাংলাদেশের সামনে দাঁড়াতে পারেনি দলটি।
তৃতীয় কোয়ার্টারের শেষদিকে কনা আক্তারের গোলে ব্যবধানে দাঁড়ায় ৪-১। চতুর্থ কোয়ার্টারের শেষে রিয়ার গোলে বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
নিজেদের তৃতীয় ম্যাচে মঙ্গলবার কাজাখস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।









