এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলা সিনেমার প্রচলিত গল্প বলার ধরন থেকে বেরিয়ে এবার আরও গাঢ়, অস্বস্তিকর ও রহস্যময় এক আবহ নিয়ে হাজির হয়েছেন নির্মাতা রায়হান রাফী। তার নতুন সিনেমা ‘আন্ধার’-এর টিজার অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে।
মাত্র দেড় মিনিটের কাছাকাছি সময়ের এই টিজার গল্পের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে পরিবেশ, চরিত্রের মনস্তত্ত্ব এবং রহস্য তৈরিতে।
শুরুতেই একটি ঘরের দৃশ্য। এক নারী, আয়না, নিস্তব্ধতা- সবকিছুতেই যেন স্বাভাবিকতার আড়ালে অস্বাভাবিক কিছু ঘটার আভাস। এরপর ধীরে ধীরে সেই শান্ত পরিবেশ ভেঙে ঢুকে পড়ে ভয় ও অস্বস্তি।
এই ভয় আর অস্বস্তিই পুরো টিজারে দেখা গেছে। পুরো টিজারজুড়ে একটি চাপা আতঙ্কের আবহ তৈরি করেছেন নির্মাতা। আলো-আঁধারির খেলা শুধু দৃশ্যকে নান্দনিক করেনি, বরং সিনেমার নাম ‘আন্ধার’-কেও যেন দৃশ্যমান করে তুলেছে।
টিজারে বিশেষ নজর কেড়েছে সিয়াম আহমেদ ও তুষির দুর্দান্ত সব অভিব্যক্তি! টিজারটি দেখে মনে হয়েছে, ‘আন্ধার’ শুধু অন্ধকারের গল্প নয়, বরং অন্ধকারকে ঘিরে তৈরি হওয়া এক রহস্যময় জগতের আভাস। ৮৬ সেকেন্ডের টিজারে গল্পের খুব বেশি কিছু না বলেও যে কৌতূহল তৈরি করা হয়েছে, সেটিই এর সবচেয়ে বড় সাফল্য।
২২১বি ফিল্মসের প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষির পাশাপাশি অভিনয় করছেন মোস্তফা মনোয়ার, ফারুক রেহানসহ আরও অনেকে। টিজারে থাকা ক্রেডিট অনুযায়ী সিনেমাটির গল্পের সঙ্গে শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খানের নামও রয়েছে।
বড় বাজেটের হরর সিনেমা হিসেবে আলোচিত ‘আন্ধার’ নিয়ে শুরু থেকেই দর্শকের আগ্রহ রয়েছে। প্রথম অফিসিয়াল পোস্টারের পর টিজার প্রকাশ সেই আগ্রহকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিলেন রায়হান রাফী ও তার দল।









