আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে দল-সমর্থিত প্রার্থী দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দলীয় কার্যালয়ে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, স্থানীয় নির্বাচন সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়াতে মাঠপর্যায়ে দ্রুত কাজ করছে এনসিপি।
আগামী নভেম্বরের মধ্যে দেশের সব ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য নিয়ে দলটি এগোচ্ছে বলেও জানান সারজিস আলম।
তিনি বলেন, ইতোমধ্যে ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী দেওয়া হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে আরও ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করা হবে।
এ ছাড়া পাঁচটি সিটি করপোরেশনে প্রার্থী ঘোষণা করা হয়েছে জানিয়ে সারজিস বলেন, বাকি সিটি করপোরেশনের প্রার্থীদের নামও সেপ্টেম্বরের মধ্যে ঘোষণা করা হবে।
সারজিস আলম বলেন, ‘বাংলাদেশে প্রায় চার হাজার ৬০০ ইউনিয়ন রয়েছে। এসব ইউনিয়ন পরিষদে এনসিপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী নভেম্বরের মধ্যে ঘোষণা করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছি। আগামী স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে নির্বাচন করবে এবং বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত এনসিপি-সমর্থিত প্রার্থী থাকবে।’









