স্পেনের ঘরোয়া ফুটবল লিগ লা লিগার ২০২৫-২৬ মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন উইঙ্গার ফরোয়ার্ড লামিন ইয়ামাল। বার্সেলোনার হয়ে পুরো মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করে এ পুরস্কার জিতে নিয়েছেন ১৯ বর্ষী তারকা। অ্যাসোসিয়েশন অব স্প্যানিশ ফুটবলার্স (এএফই) তাকে এ পুরস্কারে মনোনীত করেছে।
মঙ্গলবার রাতে মাদ্রিদের ফ্লোরিডায় বসেছিল এএফই এর পঞ্চম আসর। এ আসরে বিভিন্ন ক্যাটাগরিতে স্পেনের ঘরোয়া ফুটবলারদের পুরস্কার প্রদান করা হয়। খেলোয়াড়দের ভোটেই এ পুরস্কারের জন্য বিভিন্ন পর্যায়ে সেরা খেলোয়াড়দের নির্বাচিত করা হয়।
২০২৫-২৬ মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পর ইয়ামাল বলেন, ‘এর থেকে আর ভালো কিছু হতে পারে না যে, আপনার সতীর্থ খেলোয়াড়েরা আপনাকে ভোট দিচ্ছে। এই মৌসুমে আমার প্রধান লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন্স লিগ জেতা।’
ইয়ামার ২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনার হয়ে লা লিগায় ২৮ ম্যাচ খেলেছেন, করেছেন ১৬টি গোল। এছাড়া গোলে অ্যাসিস্ট ছিল ১২টি যা বার্সেলোনাকে লা লিগার শিরোপা জিততে সাহায্য করেছে।
স্পেনের মেয়েদের লিগেও ২০২৫-২৬ মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বার্সেলোনা মেয়েদের দলের পাত্রি গুইজারো। সব প্রতিযোগিতায় বার্সা যখন সর্বোচ্চ মানের ফুটবল খেলছিল, সেই পুরো মৌসুম জুড়ে দলের খেলার ধরণে পাত্রির গুরুত্ব ছিল অপরিসীম। একের পর এক শিরোপা জয় এবং ইউরোপের সেরা নারী ফুটবল দল হিসেবে নিজেদের শ্রেষ্ঠত্ব বারবার প্রমাণ করে চলা এই দলের জন্য পাত্রি ছিলেন এক অনন্য মানদণ্ড।









