এই খবরটি পডকাস্টে শুনুনঃ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও কেনাকাটায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার ২ সেপ্টেম্বর দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে চার সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে বিশেষ এই টিম অনুসন্ধানের দায়িত্ব পেয়েছে বলে জানা গেছে।
দুদকের একটি সূত্র জানায়, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা পড়ার পর তা অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। অভিযোগের মধ্যে মন্ত্রণালয়ের নিয়োগ, বদলি ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে অনিয়মের বিষয় রয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে ওই সরকারে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান আসিফ মাহমুদ।
শুরুতে তিনি শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পরে ২০২৪ সালের নভেম্বরে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এরপর স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দুটির দায়িত্বই পালন করেন তিনি।
২০২৫ সালের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ। একই বছরের ডিসেম্বরের শেষ দিকে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। বর্তমানে তিনি দলটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।









