মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের পর যুক্তরাষ্ট্রে নিজেদের ম্যাপ অ্যাপে লেক অন্টারিওর নাম বদলে লেক আমেরিকা করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল।
সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) অ্যাপলের ম্যাপ অ্যাপে এই পরিবর্তন আনা হয়। একই দিনে জন টার্নাস অ্যাপলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নেন।
ট্রাম্পের বিতর্কিত নির্বাহী আদেশ মেনে নাম পরিবর্তন করা দ্বিতীয় মার্কিন প্রযুক্তি জায়ান্ট হলো অ্যাপল। এর আগে শনিবার গুগলও যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য জনপ্রিয় গুগল ম্যাপসে লেক অন্টারিওর নাম লেক আমেরিকা হিসেবে দেখানোর ঘোষণা দেয়।
তবে ট্রাম্পের নির্বাহী আদেশ বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নিজেদের মানচিত্রে নাম পরিবর্তনে বাধ্য করতে পারে না। আদেশটির মাধ্যমে যুক্তরাষ্ট্রের জিওগ্রাফিক নেমস ইনফরমেশন সিস্টেমে (জিএনআইএস) পরিবর্তন আনা হয়েছে। ফেডারেল সরকার বিভিন্ন ভৌগোলিক স্থানের নাম ব্যবহারের ক্ষেত্রে এই তথ্যভাণ্ডারকে মানদণ্ড হিসেবে ব্যবহার করে।
গুগলের মতো বিভিন্ন প্রতিষ্ঠানও নিজেদের মানচিত্র তৈরিতে এই সরকারি তথ্যব্যবস্থা ব্যবহার করে। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বক্তব্যে ইঙ্গিত মিলেছে, সরকারি অনুমোদন ও চুক্তির ওপর নির্ভরশীল বেসরকারি প্রতিষ্ঠানগুলো যাতে নাম পরিবর্তনের সিদ্ধান্ত মেনে চলে তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট সরাসরি উদ্যোগ নিয়েছেন।
মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বার্গাম সোমবার ফক্স নিউজকে বলেন, গত সপ্তাহে ট্রাম্প অ্যাপলের সঙ্গে সরাসরি যোগাযোগ করে অ্যাপল ম্যাপে হ্রদটির নাম পরিবর্তনের অনুরোধ জানিয়েছিলেন।
এর আগে ট্রাম্পের নির্দেশে মেক্সিকো উপসাগরের নাম গালফ অব আমেরিকা এবং আলাস্কার ডেনালি পর্বতের নাম মাউন্ট ম্যাককিনলি হিসেবে পরিবর্তন করা হয়। অ্যাপলও নিজেদের প্ল্যাটফর্মে এসব পরিবর্তন অনুসরণ করেছে।
অন্যদিকে লেক অন্টারিওর নাম পরিবর্তনের ক্ষেত্রে অ্যাপল গুগলের মতো একই নীতি অনুসরণ করছে কি না তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে আল জাজিরার মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি অ্যাপল।
গুগল অবশ্য জানিয়েছে, তাদের ম্যাপে সরকারি উৎসে থাকা নামগুলো অনুসরণ করা হয়। ফলে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা লেক আমেরিকা, কানাডার ব্যবহারকারীরা লেক অন্টারিও এবং বিশ্বের অন্যান্য দেশের ব্যবহারকারীরা দুটি নামই দেখতে পান।
তবে ট্রাম্পের নাম পরিবর্তনের সিদ্ধান্ত সব ডিজিটাল ম্যাপ প্রতিষ্ঠান মেনে নেয়নি। নব্বই ও ২০০০-এর দশকে জনপ্রিয় ম্যাপিং ওয়েবসাইট ম্যাপকোয়েস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মকভাবে লিখেছে, আপনার ইচ্ছামতো যে নাম খুশি দিতে পারেন।
এরপর ম্যাপকোয়েস্টের স্মার্টফোন অ্যাপটি অ্যাপলের অ্যাপ স্টোরে সর্বাধিক ডাউনলোড হওয়া বিনামূল্যের অ্যাপ্লিকেশনের তালিকার শীর্ষে উঠে এসেছে।
ট্রাম্পের লেক অন্টারিওর নাম পরিবর্তনের উদ্যোগের সময় যুক্তরাষ্ট্র ও কানাডার সম্পর্কও টানাপোড়েনের মধ্যে রয়েছে। দীর্ঘদিনের দুই মিত্রের মধ্যে বাণিজ্য আলোচনা ব্যর্থ হওয়ার পর কানাডার প্রায় ২০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র।
এর পাল্টা জবাব হিসেবে একই মূল্যের মার্কিন পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা।
যুক্তরাষ্ট্র ও কানাডার মাঝখানে অবস্থিত লেক অন্টারিওর নামটি আদিবাসী ওয়েন্ডাট ভাষা থেকে এসেছে। তবে ট্রাম্প পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ানোর চেষ্টা করছেন। এর অংশ হিসেবে ভৌগোলিক নাম পরিবর্তনের পাশাপাশি ইংরেজিকে যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগও নিয়েছেন।









