তারকা ডিফেন্ডার আন্তোনিও রুডিগার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। জার্মানির হয়ে তার ১২ বছরের ক্যারিয়ারের ইতি ঘটল। ৮৬ ম্যাচ খেলা রুডিগার তরুণ প্রজন্মের জন্য জায়গা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং নিশ্চিত করেছেন ক্লাব ক্যারিয়ারে পুরোপুরি মনোযোগ দেবেন।
২০১৪ সালে জার্মানির হয়ে অভিষেক রুডিগারের। ১২ বছরের ক্যারিয়ারে ৩টি গোল করেছেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৬টি বড় টুর্নামেন্টে জার্মানির প্রতিনিধিত্ব করেছেন এবং ২০১৭ সালে কনফেডারেশন্স কাপ জিতেছেন।
জার্মানির সেন্টার-ব্যাক মনে করছেন, জাতীয় দলের সাথে যাত্রা শেষ করার এবং উদীয়মান প্রতিভাদের এগিয়ে আসার সুযোগ দেয়ার এটাই সঠিক সময়। বিবৃতি দিয়ে তার স্মরণীয় সময়ের বিস্তারিত তুলে ধরেছেন এবং গত এক দশকে আন্তর্জাতিক ক্যারিয়ারে যারা ভূমিকা রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আনুষ্ঠানিক বিবৃতিতে জার্মানির প্রতিনিধিত্ব করা গর্বের উল্লেখ করে রুডিগার বলেন, ‘কিছুটা চিন্তাভাবনা করার পর, জাতীয় দলের হয়ে আমার ক্যারিয়ার শেষ করার এবং তরুণ প্রজন্মের জন্য জায়গা করে দেয়ার সময় এসেছে। ২০১৪ সালে যখন প্রথম জার্সি গায়ে জড়াই, তখন আমার কল্পনার জগতেও ভাবতে পারিনি যে এটি শেষ পর্যন্ত ৮৬ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত গড়াবে।’
‘যদিও গত টুর্নামেন্টগুলোতে বড় শিরোপা আমাদের ধরা দেয়নি এবং আমরা বেশ কয়েকটি যন্ত্রণাদায়ক পরাজয়ের সম্মুখীন হয়েছি। তবুও এই সময়টা আমার জন্য অত্যন্ত বিশেষ একটি অধ্যায় হয়ে থাকবে, যা আমাকে চিরকাল সমৃদ্ধ করবে।’









