নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে নেপালের স্থানীয় পুলিশ। তারা আরো জানিয়েছে, নদীতে ভেসে যাওয়া কিছু মরদেহ ভারতের ভূখণ্ডেও পাওয়া গেছে। নেপালের ভোটেকোশি ও ত্রিশুলি নদীতে বন্যায় নিহতদের মরদেহ এখনো উদ্ধার করা হচ্ছে।
নেপাল পুলিশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টা পর্যন্ত এক হাজার ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ ঘটনায় এখনো বিপুল সংখ্যক মানুষ নিখোঁজ রয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের খোঁজে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।
নেপালের রাসুয়া থেকে নওয়ালপরাসি পশ্চিম পর্যন্ত আটটি জেলায় মরদেহ পাওয়া গেছে। নদীর স্রোতে ভেসে যাওয়া সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলায়। এখানে প্রায় ৩২০টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নেপালের নারায়ণী নদীতে ভেসে যাওয়া কিছু মরদেহ ভারতের ভূখণ্ডেও পাওয়া গেছে।
যেসব এলাকায় মরদেহ পাওয়া গেছে
নেপালের রাসুওয়া জেলায় ৩৮ টি মরদেহ পাওয়া গেছে। এছাড়া নুয়াকোট এলাকা থেকে ১০৩টি, ধাদিংয়ে ৫৬টি, চিতওয়ানে ৩২০টি, গোরখাতে ৬৫টি, তানাহুনে ৩৮টি, নওয়ালপরাসি পূর্ব থেকে ২১৬টি ও নওয়ালপরাসি পশ্চিম থেকে ১৬৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ভারত থেকে ৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।









