ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই টেস্টে হেরে সিরিজ হাতছাড়া করেছে পাকিস্তান। লিডস ও লর্ডসে দুই ম্যাচেই শোচনীয় পরাজয় দেখেছে সফরকারীরা। হোয়াইটওয়াশ এড়াতে এজবাস্টনে শেষ টেস্টের আগে স্কোয়াডে বড় পরিবর্তন এনেছে দেশটির ক্রিকেট বোর্ড। ৭ ক্রিকেটারকে পরিবর্তনের পাশাপাশি দুই কোচকেও সরিয়ে দিয়েছে পিসিবি।
রোববার লর্ডস টেস্টে চতুর্থ দিনে হার দেখে পাকিস্তান। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে পিসিবি বিবৃতিতে জানায়, স্কোয়াডে পরিবর্তনের কথা। নতুন জায়গা পাওয়া ৭ জনের মধ্যে ৫ জনের এখনও টেস্ট অভিষেক হয়নি।
বাদ পড়া ক্রিকেটাররা হলেন- মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আলি আগা, আলি উসমান, আমির জামাল, মুহাম্মদ আওয়াইস ও খুররম শেহজাদ। দলে ফিরেছেন সাইম আইয়ুব ও আবদুল্লাহ ফজল। সাইম এপর্যন্ত ৮টি এবং আবদুল্লাহ ২টি টেস্ট খেলেছেন।
এছাড়া ডাক পেয়েছেন বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার আরাফাত মিনহাস, বাঁহাতি পেসার মোহাম্মদ ইমরান জুনিয়র, উইকেটরক্ষক ব্যাটার সাদ বেগ, ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ ইমরান ও রাজাউল্লাহ। তারা তৃতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেবেন।
টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ ও ফাস্ট বোলিং কোচ উমর গুলকে বাদ দিয়েছে পিসিবি। তাদের জায়গায় পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসন এবং অ্যাশলি নফকেকে দায়িত্ব দেয়া হয়েছে। সরফরাজ আহমেদ মাত্র পাঁচ ম্যাচে পাকিস্তানের কোচ হিসেবে দায়িত্ব পালন করতে পারলেন।
ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের লড়াইয়ে ২-০তে হেরে সিরিজ হাতছাড়া করেছে পাকিস্তান। সিরিজে এপর্যন্ত চার ইনিংসের কোনটিতে দুইশ রান পার করতে পারেনি দলটি। মাত্র দুজন সৌদ শাকিল ও আবদুল্লাহ শফিক ৫০ রানের সীমানা পেরোতে পেরেছেন। আগামী ৯ সেপ্টেম্বর এজবাস্টনের তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে সফরকারী দলটি।
সিরিজের মাঝপথে টেস্ট স্কোয়াড ও টিম ম্যানেজমেন্টে ব্যাপক রদবদল করার ঘটনায় পাকিস্তান দলের নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেছেন মিসবাহ-উল-হক। পিসিবি এখনও তার পদত্যাগপত্র গ্রহণ করেনি। পাশাপাশি লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ব্যাটিং পরামর্শকের পদ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সাবেক এ অধিনায়ক।









