অনুমতি ছাড়া ব্যক্তিগত সংবেদনশীল তথ্য ফেসবুকে প্রকাশ এবং হুমকির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
রোববার (৩০ আগস্ট) রাজধানীর শাহবাগ থানায় গিয়ে তিনি জিডিটি করেন। এ ঘটনায় করা জিডির নম্বর ২০৩৮।
জিডি সূত্রে জানা গেছে, অনুমতি ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই শিক্ষিকার মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানা এবং বাসার ঠিকানা প্রকাশ করা হয়।
এরপর থেকে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে তার মোবাইল ফোনে কল আসতে থাকে। এসব কল থেকে তাকে অশালীন কথা বলা এবং হুমকি দেওয়ার অভিযোগ করেছেন তিনি।
বাসার ঠিকানাও প্রকাশ্যে চলে আসায় নিজের বাসায় অবস্থান করাকে নিরাপদ মনে করছেন না বলে জিডিতে উল্লেখ করেছেন মোনামি।
সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার আইনি প্রতিকার চেয়ে তিনি শাহবাগ থানায় জিডি করেন।
শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ এবং হুমকির ঘটনায় কারা জড়িত, তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।









