‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ আসরের জন্য ছেলেদের জাতীয় ফুটবল দলে নতুন ম্যানেজার নিযোগ দেয়া হল। দায়িত্ব পেয়েছেন সাবেক ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু। তিনি আমের খানের স্থলাভিষিক্ত হলেন।
আসিয়ান কাপে আরও দুজন নতুন দায়িত্ব পেয়েছেন। বাংলাদেশ দলের টিম লিডারের দায়িত্ব পেয়েছেন বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য ও গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন। দলের টিম কো-অর্ডিনেটরের দায়িত্ব পেয়েছেন সাবেক ফুটবলার আমের খান। তিনি আগে জাতীয় দলের ম্যানেজার ছিলেন।
বাংলাদেশ দলে দীর্ঘ ১১ বছর পর ম্যানেজার হওয়া আমিরুল ইসলাম বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি সবশেষ ছেলেদের দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছিলেন ২০১৫ সালের সাফ আসরে। তিনি মেয়েদের জাতীয় দলেরও দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ দলের সাবেক খেলোয়াড় আমিরুল ক্রীড়া সংগঠকও। বর্তমানে বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিংয়ের টিম লিডারের দায়িত্বে আছেন।









