ভারতের মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলায় ঘুষ নেওয়ার অভিযোগে খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) এক কর্মকর্তাকে ঘিরে ধরে মেয়াদোত্তীর্ণ বিস্কুট খাওয়ানোর চেষ্টা করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শনিবার (২৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় একটি পান দোকানে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ওই দোকান থেকে কেনা ঝাল-নোনতা খাবার খেয়ে দুই বছরের একটি শিশু অসুস্থ হয়ে পড়ে। শিশুটির মাথা ঘুরতে শুরু করলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
পরে শিশুটির স্বজন ও স্থানীয় বাসিন্দারা ছত্রপতি সম্ভাজিনগরের এফডিএ কার্যালয়ে অভিযোগ করেন। অভিযোগের পর সংস্থাটির এক কর্মকর্তা দোকানটি পরিদর্শনে যান।
স্থানীয়দের অভিযোগ, ওই কর্মকর্তা দোকানে যাওয়ার আগেই শিশুটির অসুস্থতার সঙ্গে সংশ্লিষ্ট ঝাল-নোনতা খাবার সরিয়ে ফেলা হয়। তবে পরিদর্শনের সময় তিনি দোকানে বেশ কয়েকটি মেয়াদোত্তীর্ণ বিস্কুটের প্যাকেট দেখতে পান এবং সেগুলো জব্দ করেন।
স্থানীয়দের দাবি, মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ার পরও দোকানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং ওই কর্মকর্তা ঘুষ নিয়ে দোকানিকে রক্ষা করার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেন তারা।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা কর্মকর্তাকে ঘিরে ধরেন। মেয়াদোত্তীর্ণ বিস্কুট খাওয়ার উপযোগী হলে তিনি নিজেই খেয়ে দেখান, এমন চ্যালেঞ্জও দেওয়া হয় তাকে। একপর্যায়ে কয়েকজন স্থানীয় তাকে জোর করে বিস্কুট মুখে ঢোকানোর চেষ্টা করেন।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ জনতা ওই কর্মকর্তাকে ঘিরে ধরে তার সামনে মেয়াদোত্তীর্ণ বিস্কুটের প্যাকেট তুলে ধরছেন। তারা তাকে বিস্কুট খাওয়ার জন্য চাপ দিচ্ছেন এবং দোকানিকে রক্ষা করার অভিযোগ তুলছেন।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগের সত্যতা বা তার বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন যখন রাজ্যজুড়ে খাদ্য নিরাপত্তা লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে, তখনই এ ঘটনা ঘটল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভেজাল খাবার, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও খাদ্য নিরাপত্তার অন্যান্য অনিয়মের বিরুদ্ধে একাধিক অভিযান চালিয়েছে সংস্থাটি।









