আর ঠিক তিন দিন পর বন্ধ হয়ে যাবে গ্রীষ্মকালীন দলবদলের সময়। ঠিক এর আগে ক্লাবগুলো ব্যস্ত সময় পার করছে নতুন খেলোয়াড় দলে টানতে। চলছে নানা গুঞ্জন, হচ্ছে দলবদল। এর মধ্যে রয়েছে চেলসির এনজো ফের্নান্দেজের ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়ার সম্ভাবনাও। আর্জেন্টাইন মিডফিল্ডারের সঙ্গে সিটিজেনরা একটি মৌখিক চুক্তিতে পৌঁছেছে বলে জানিয়েছেন ইতালির জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
ফ্যাব্রিজিও রোমানোর মতে, চেলসির মিডফিল্ডার এনজো ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়ার বিষয়ে একটি মৌখিক চুক্তিতে পৌঁছেছেন। তবে, ক্লাবদুটির মধ্যে এখনও কোনো সুনির্দিষ্ট আলোচনা হয়নি। দলবদলের শেষ তারিখের আগে চুক্তিটি সম্পন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রোমানো তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, শীঘ্রই আলোচনা শুরু হবে। চেলসি ও ম্যানসিটি দীর্ঘদিনের নাটকীয়তার অবসান ঘটাতে একটি চুক্তিতে পৌঁছাবে। এনজো ফের্নান্দেজ ব্যক্তিগত শর্তাবলীতে ম্যানচেস্টার সিটির সাথে একটি মৌখিক চুক্তিতে পৌঁছেছেন।
চুক্তিটি ক্লাবগুলোর সিদ্ধান্তের উপর নির্ভর করছে, কারণ সিটি এখনও চেলসিকে কোন আনুষ্ঠানিক প্রস্তাব পাঠায়নি। তবে শীঘ্রই দুই ক্লাবের যোগাযোগ হবে। দামের সিদ্ধান্ত চেলসির উপর নির্ভর করছে। এনজো এই সপ্তাহে আবারও মাঠে নামতে পারেন।
ফের্নান্দেজ চলতি মৌসুমে এখন পর্যন্ত চেলসির হয়ে খেলেননি। সিটি এই মৌসুমে মিডফিল্ডারদের পেছনে ইতিমধ্যে বড় অঙ্কের অর্থ ব্যয় করেছে এবং এলিয়ট অ্যান্ডারসন ও আইয়ুব বুয়াদ্দির মতো দুজন প্রতিভাবান খেলোয়াড়কে দলে নিয়েছে।
তবে, রদ্রির বিদায় সিটির জন্য বড় ধাক্কা। সে কারণেই মাঠের সে অংশে সিটির তৃতীয় একজন মিডফিল্ডার নেয়ার বেশ দরকার। এছাড়াও সিটির আরও একজন মিডফিল্ডার নিকো গঞ্জালেজ নিউক্যাসল ইউনাইটেডে যোগ দিয়েছেন যা এনজোর ব্যাপারে আগ্রহ বাড়িয়ে তুলেছে।









