ছেলেদের এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব খেলতে যাওয়ার আগে বেশকিছু বিতর্কের সৃষ্টি হয়েছে বাংলাদেশ দলে। দুই কোচের মধ্যে ‘অপ্রীতিকর’ ঘটনার সাথে যুক্ত হয়েছে আসরে রওনার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ ও অধিনায়কের না আসা। অবশ্য ব্যাখ্যা দিয়েছেন দলের ম্যানেজার সামিদ কাশেম, বলেছেন দায় নিচ্ছি।
আগামী ৩১ আগস্ট থেকে শুরু হতে চলা বাছাইপর্বে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। প্রতিপক্ষ স্বাগতিক উজবেকিস্তান, শক্তিশালী সিরিয়া এবং চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। লিগ পদ্ধতিতে খেলাগুলো হবে উজবেকিস্তানের মাটিতে।
বৃহস্পতিবার বাফুফেতে সংবাদ সম্মেলনে কোচ-অধিনায়কের না আসা প্রশ্নে ম্যানেজার সামিদ জানান, ‘যেহেতু একটা ঘটনা ঘটেছে, সেটার তদন্তও চলছে। এই পরিস্থিতিতে আমরা চাইনি কোচদের মিডিয়ার মুখোমুখি করতে।’
‘ইতিমধ্যেই, আপনারা যেমন জানেন, দলকে নিয়ে কিছু আলোচনা বা মনোযোগ তৈরি হয়েছে। খেলোয়াড়দের জন্য, স্টাফদের জন্য, ওদের লক্ষ্যটা যেন আজকে আমাদের সফরের উপর থাকে। আমাদের সামনে একটি দীর্ঘ সফর আছে। দুই গ্রুপে যাচ্ছে, লম্বা সময়, আমাদের মাঝখানে মধ্যপ্রাচ্যে বিরতি দিতে হবে। সুতরাং, আমাদের দীর্ঘ সফরে প্রস্তুতির জন্য, অন্যকোন ঘটনা দিয়ে দলের মনোযোগ নষ্ট না করতে। সে কারণে আমি এই দায়টা নিচ্ছি প্রেস কনফারেন্সটা করার জন্য।’
জানা যাচ্ছে, গত ১৯ আগস্ট টিম হোটেলে সহকারী কোচ আতিকুর রহমানের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কিতে জড়ান হেড কোচ জেরার্ড জোন্স। পরে জোন্স ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকেন। ঘটনা তদন্ত করছে বাফুফের ডেভেলপমেন্ট কমিটি। অভিযোগ প্রমাণিত হলে শাস্তির মুখে পড়তে পারেন জোন্স, আতিকুর দুজনই।
বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শুরু হবে ৩১ আগস্ট, উজবেকিস্তান ম্যাচ দিয়ে। দ্বিতীয় ম্যাচ সিরিয়ার বিপক্ষে ৩ সেপ্টেম্বর, ৬ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে শেষ খেলা। ৮ সেপ্টেম্বর বাংলাদেশ দল দেশে ফিরে আসবে।









