বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল।
ঢাকায় নেপাল দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অভিনন্দন বার্তায় নেপালের প্রেসিডেন্ট বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
রামচন্দ্র পৌডেল বাংলাদেশ ও নেপালের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে তার দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
নেপালের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও বিকশিত হবে।









