বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে হারের পর সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জের মুখে অস্ট্রেলিয়া। দুই ম্যাচের সিরিজে ১-০তে পিছিয়ে থাকা স্বাগতিকদের সামনে ম্যাকাইয়ে দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের বিকল্প নেই। ম্যাচের আগে ডারউইনে ব্যর্থতার কথা স্বীকার করে বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।
শনিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে টাইগারদের প্রশংসা করেন অজি অধিনায়ক কামিন্স।
বলেছেন, ‘আমরা আগের ম্যাচে নিজেদের সেরা ক্রিকেটের ধারে কাছেও ছিলাম না। বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলেছে। তারা বেশ ভালো ক্রিকেট দল। অবশ্যই আদর্শ (ফল) নয়, তবে চেষ্টা করব বেশি ম্যাচ জেতার।’
ডারউইনে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম বড় পরাজয় কিনা, এমন প্রশ্নে কামিন্স বলেছেন, ‘আসলে জানি না। দর্শকরা বিবেচনা করবে। ভারত বা ইংল্যান্ড সিরিজ হলে সবাই ভাবে, এবার সব ম্যাচ জিততেই হবে। অবশ্যই আশা তো করিই সব ম্যাচ জেতার। ঘরের মাঠে টেস্ট খেললে আমাদের চেষ্টা থাকে যত বেশি জেতা যায়।’
ম্যাকাইয়ে খুব বেশি টেস্ট বা লাল বলের ম্যাচ না হওয়ায় উইকেটের আচরণ দুদলের পারফরম্যান্সেই প্রভাব ফেলতে পারে, মনে করছেন কামিন্স। বলেছেন, ‘(উইকেট) কিছুটা প্রভাব রাখবে। কিছু ফুটেজ দেখেছি অস্ট্রেলিয়া এ-দল এবং ভারত এ-দলের। এখানে লম্বা সময় ব্যাট করে যেতে পারলে ব্যাট করা যায়। যদিও সেটা কয়েক বছর আগের। পিচ এখন ভিন্ন হতে পারে।’
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে সিরিজে ১-০তে পিছিয়ে পড়েছে অস্ট্রেলিয়া। সিরিজে সমতা ফেরানোর পাশাপাশি ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে পরাজয়ের ধাক্কা কাটিয়ে ওঠার লক্ষ্য নিয়ে নামবে কামিন্সের দল।









