বাংলাদেশ ও ভারতের মধ্যকার বহুল প্রতীক্ষিত দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে দুদেশের ক্রিকেট বোর্ডের মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে, জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তার আশা, খুব শিগগিরই সিরিজের বিষয়ে পরিষ্কার তথ্য পাওয়া যাবে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তামিম। ভারতের বাংলাদেশে এসে সিরিজ খেলা নিয়ে প্রশ্নের মুখে তিনি জানান, দুই বোর্ডের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।
তামিম বলেছেন, ‘ভারত সিরিজ নিয়ে আমাদের আলোচনা চলছে। আমাদের সাথে যোগাযোগ, বোর্ড টু বোর্ড যে আলোচনাগুলো হয়, আমরা নিয়মিত ঐ আলোচনাগুলো করছি। আশা করি, কিছুদিনের মধ্যে আপনারা জানতে পারবেন।’
২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলার কথা ছিল। দুই বোর্ডের সম্মতিতে স্থগিত করে ২০২৬ সালের সেপ্টেম্বরে সময় নির্ধারণ করা হয়। বিসিসিআই থেকে তখন জানানো হয়েছিল, নতুন সূচি পরে ঘোষণা করা হবে।
পরে বিসিবি ২০২৬ সালের হোম সূচিতে ভারত জন্য নতুন সূচি অন্তর্ভুক্ত করে। সূচি অনুযায়ী ২৮ আগস্ট ভারতের বাংলাদেশে আসার কথা। ১, ৩ ও ৬ সেপ্টেম্বর ওয়ানডে সিরিজ এবং ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর টি-টুয়েন্টি সিরিজ গড়ানোর কথা রয়েছে।
নির্ধারিত সূচি থাকলেও সিরিজটি নিয়ে সাম্প্রতিক সময়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দুই বোর্ডের যোগাযোগ ও সিরিজ আয়োজনের সম্ভাবনা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য এসেছে। এর আগে তামিম জানিয়েছিলেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং বাংলাদেশ ভারত দলের সফর নিয়ে আশাবাদী।









