হ্যামস্ট্রিং চোটের কারণে জাপানের বিপক্ষে ব্রাজিলের রাউন্ড অব ৩২ ম্যাচেও খেলতে পারছেন না রাফিনহা। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবো জানিয়েছে, দলের সঙ্গে হিউস্টনে না গিয়ে তিনি নিউ জার্সিতে থেকেই চিকিৎসা চালিয়ে যাবেন।
হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ৪০তম মিনিটে চোট পান বার্সেলোনার এ উইঙ্গার। এরপর তাকে বদলি করা হয় বোর্নমাউথের ফরোয়ার্ড রায়ানের সঙ্গে। আগে থেকেই হ্যামস্ট্রিং সমস্যার ইতিহাস থাকায় চিকিৎসকরা তার সুস্থ হতে প্রায় ১০ দিন সময় লাগবে বলে ধারণা করেছিলেন।
চোটের ১০ দিন পূর্ণ হলেও এখনও তিনি জিমে অনুশীলন শুরু করতে পারেননি। তাই সোমবার রাতে জাপানের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না তার। তবে কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে সেখানে খেলার আশায় পুনর্বাসন চালিয়ে যাবেন রাফিনহা।
গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন হয়ে সাত পয়েন্ট নিয়ে শেষ নকআউট পর্বে উঠেছে ব্রাজিল। হাইতি ও স্কটল্যান্ডকে হারানোর পাশাপাশি মরক্কোর সঙ্গে ড্র করেছে তারা। অন্যদিকে, গ্রুপ ‘এফ’-এ পাঁচ পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডসের পর দ্বিতীয় হয়ে নকআউটে জায়গা নিশ্চিত করেছে জাপান।









