বিভিন্ন ব্যাংক শাখার নিরাপত্তা নিশ্চিত করার জন্য নতুন করে সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গত বছরের ৫ জুলাই জারি করা বিআরপিডি সার্কুলার নং ০৭-এর কথা উল্লেখ করে বাংলাদেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, সার্কুলারের ০৭ নং অনুচ্ছেদে ব্যাংক স্থাপনায় চুরি, ডাকাতিসহ যে কোনো ধরণের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা ও প্রতিরোধের জন্য দ্রুত পদক্ষেপ হিসেবে প্রতিটি ব্যাংক শাখায় অটো অ্যালার্ম সিস্টেমস চালু করার পরামর্শ দেয়া হয়েছে।
অটো অ্যালার্ম সিস্টেমস আরও বেশি কার্যকরি করার জন্য বেশ কিছু বিষয়ে ব্যাংকগুলোকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক আবু ফরাহ মোঃ নাছেরের সই করা ওই চিঠিতে। বিষয়গুলোর মধ্যে রয়েছে:
১. অ্যালার্ম সিস্টেমের সঙ্গে অটো লক গেট স্থাপন করতে হবে যেন অ্যালার্ম বাজলে গেট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এবং পিন কোড ছাড়া খোলা না যায়;
২. অ্যালার্ম সিস্টেম এমন জায়গায় বসাতে হবে যাতে টেম্পারিং এর সুযোগ না থাকে;
৩. লেজার বিমযুক্ত অ্যালার্ম সিস্টেম স্থাপন করতে হবে যেন রাতেও ব্যাংক অনেক বেশি নিরাপত্তা বলয়ে থাকে;
৪. অ্যালার্ম সিস্টেম এর সঙ্গে মোশন ডিটেক্টর ক্লোজ সার্কিট ক্যামেরা ব্যবহার করতে হবে।









