যুক্তরাষ্ট্রের বাংলা সংস্কৃতির অঙ্গনে যুক্ত হলো একটি নতুন প্রয়াস। মঞ্চে আত্মপ্রকাশ করল নাট্যসংগঠন `রঙ্গমঞ্চ’।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে ‘রঙ্গমঞ্চ’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১ নভেম্বর ২০২৫।
এক আড়ম্বরপূর্ণ পরিবেশে স্থানীয় কোয়ালিটি সুইটস এডিসন-ডালাস হোটেলে হলো অভিষেক অনুষ্ঠান। প্রধান অতিথির আসন অলংকৃত করেন স্বাধীনতা উত্তর বাংলাদেশের মঞ্চ আন্দোলনের পথিকৃৎ, একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। তিনি দলের নাম ঘোষণা এবং রঙ্গমঞ্চের লোগো উন্মোচন করেন।
যাত্রার শুরুতেই রঙ্গমঞ্চ একসঙ্গে দু’টি প্রযোজনা নিয়ে কাজ করছে। একদিকে চলছে হুমায়ূন আহমেদের সাইকোথ্রিলার—মিসির আলী সিরিজের গল্প অবলম্বনে রুপান্তরিত নাটকের মহড়া, আর অন্যদিকে মঞ্চ আন্দোলনের পথিকৃৎ মামুনুর রশীদের নাটকের পান্ডুলিপি পাঠ।
বাংলাদেশের নাট্যজগতের এই দুই দিকপাল, দুই মহীরুহ স্রষ্টা ও তাঁদের সৃষ্টিকে মঞ্চের আলোয় জীবন্ত করে তুলতে রঙ্গমঞ্চ একত্র করেছে ডালাসের নিবেদিতপ্রাণ নাট্যকর্মীদের। এ আয়োজন সত্যিই এক মহাযজ্ঞ—শিল্প, সাধনা ও সম্মিলিত স্বপ্নের।
এক নজরে রঙ্গমঞ্চ-এর নবগঠিত কার্যনির্বাহী পরিষদ (২০২৬-২০২৭) : সভাপতি : ফরহাদ হোসেন, সহ-সভাপতি : তারেক চৌধুরী, নির্বাহী সম্পাদক : মঞ্জুর চৌধুরী, যুগ্ম সম্পাদক : শাহীন সাদাত, সাংগঠনিক সম্পাদক : ফয়জুল বারী অপু, অর্থ সম্পাদক : নুসরাত খন্দকার তিন্নি, মিডিয়া ও প্রচার সম্পাদক : সোহানা মানসুর।
নির্বাহী সদস্য হিসেবে আছেন আবদুল মালেক, মোরশেদ চৌধুরী, সাইফুল হক রুমি, মারুনা রাহী, মঞ্জুর রাহিম, তারিক ইয়াসিন উজ্জ্বল, তাসকীর আলী খান। এবং পরামর্শক পরিষদে আছে শহীদুজ্জামান সেলিম, শামসুল আলম বকুল, ইকবাল আনোয়ার, জাহিদ রেজা, হৃদি হক।









