রাজধানীতে নারী সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সারাদেশে জামায়াতের নারীকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি আহ্বান করেছে দলটি। আগামী ৩১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে তারা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নির্বাচনসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে দলটির জামায়াতের আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ কথা জানান।
তিনি অভিযোগ করেছেন, জনগণের সমর্থন নেই জেনে পরিকল্পিতভাবে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা চালাচ্ছে বিএনপি।
সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ১৪, ১৮, ২৪-এর মতো অন্যায়ভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে আবার আন্দোলন হবে।
জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা প্রকাশ্যে হলেও এসব ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) নিরব ভুমিকা পালনকে জাতির সঙ্গে বেঈমানি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘নারীদের ওপর এ ধরনের হামলা অব্যাহত থাকলে ভবিষ্যতে নারী নেতৃত্ব পিছিয়ে পড়বে, যা আন্তর্জাতিক অঙ্গনেও দেশকে পিছিয়ে দেবে।’









