মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রকাশ্যে এসেছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ছবির ট্রেলার। যেই ছবির ঝলক দেখে শিউরে উঠছে দর্শক। রক্তাক্ত দৃশ্যগুলি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। আলাউদ্দিন খিলজির চরিত্রে রণবীর ভয় ধরিয়েছিলেন ঠিকই, কিন্তু তার অনুরাগীদের মত, এই ছবিতে অভিনেতা যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছেন।
তবে এখানেই শেষ নয়! ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মুক্তির আগেই নাকি সিনেমাটি গড়েছে নতুন রেকর্ড। কারণ এই সিনেমাটি হতে যাচ্ছে পুরো তিন ঘণ্টার। আগামী দশ দিনের মধ্যেই নাকি ছবির টিমের তরফে এই বিষয়টি নিশ্চিত করা হবে। এমনটা হলে এই ছবিই হতে চলেছে রণবীরের ক্যারিয়ারের দীর্ঘ সিনেমা। সব ঠিক থাকলে পরিচালক আদিত্য ধর ও ছবির প্রযোজনা সংস্থার সিদ্ধান্তে এই ছবি হতে পারে তিন ঘণ্টা পাঁচ মিনিটের।
এ প্রসঙ্গে পরিচালক আদিত্য ধর বলেছেন, ‘রণবীরের ক্যারিয়ারে এই ছবি একটি গুরুত্বপূর্ণ ছবি হয়ে উঠতে চলেছে। এই চরিত্রে অনেকরকমভাবেই দর্শক রণবীরকে আবিস্কার করতে পারবেন। আমরা কখনওই এই ছবির প্রেক্ষাপটের সঙ্গে তাড়াহুড়োর চোটে কোন আপোস করতে চাইনি। তবে হ্যাঁ, ছবিতে নানা মোড় ঘোরানো দিক দর্শকের নজর টানবে।
এর আগে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ ও তারও আগে প্রভাসের ‘বাহুবলী’ ছবি দু’টি দীর্ঘ ছবি হিসেবে নতুন রেকর্ড গড়েছিল। যথাক্রমে এই দুই হিট ছবি ৩ ঘণ্টা ২১ মিনিট ও ৩ঘণ্টা ৪৫ মিনিট ছিল। যা সময়ের নিরিখে ছাপিয়ে গিয়েছিল রমেশ সিপ্পির কালজয়ী ছবি ‘শোলে’কেও। যা ছিল ৩ঘণ্টা ১৯ মিনিট দীর্ঘ।
সম্প্রতি দিল্লি বিস্ফোরণের জেরে পিছিয়ে গিয়েছিল এই ছবির প্রচারমূলক অনুষ্ঠান। আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। আর সেদিকেই আপাতত তাকিয়ে রয়েছেন সবাই। তবে রণবীরের পাশাপাশি ফার্স্ট লুকের প্রচার ঝলকে নজর কেড়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল ও আর মাধবন প্রমুখ। ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন তারা।
তবে সবাইকে ছাপিয়ে আসন্ন এই সিনেমায় আলোচনায় রয়েছেন রণবীর সিংয়ের সঙ্গে সারা অর্জুনের রসায়ন। নবাগত যেই অভিনেত্রী রণবীরের চেয়ে ২০ বছরের ছোট।- টাইমস অব ইন্ডিয়া









