বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও নারী বিভাগের সাবেক ইনচার্জসহ কয়েকজনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন সাবেক ক্রিকেটার জাহানারা আলম। তদন্ত কমিটি করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লড়াইয়ে তামিম ইকবালের পর টিম টাইগ্রেসের সাবেক অধিনায়ক পাশে পাচ্ছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকেও।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জাহানারার অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশা ব্যক্ত করে বিসিবির কাছে আহ্বান জানিয়েছেন মাশরাফী। লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি।’
তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থাকবে বলেও আশা তার। লিখেছেন, ‘আশা করি, বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে, যেন এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয়।’
সবশেষে টাইগার তারকা সাবেক যোগ করেছেন, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিরাপদ হোক সবার জন্য।’
এর আগে সাবেক অধিনায়ক তামিম ইকবালও জাহানারার পাশে দাঁড়িয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম লিখেছেন, ‘জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন, সবগুলোই গুরুতর এবং সেসব সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেয়ার মতো নয়। শুধু একজন জাতীয় ক্রিকেটার বা সাবেক অধিনায়ক বলেই নয়, যেকোনো পর্যায়ের ক্রিকেটার হোক বা যেকোনো খেলার ক্রীড়াবিদ কিংবা যেকোনো নারী, কারো প্রতিই এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
‘বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে বটে। তবে আমি মনে করি, এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারী পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না, যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ না থাকে। যতদ্রুত সম্ভব এই কমিটি গঠন করা উচিত ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাপারটিকে দেখা উচিত। দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে দোষী যে-ই হোক, যার যতটুকু দায় থাকুক, উপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’
দিন তিনেক আগে বাংলাদেশ নারী দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন জাহানারা। বিসিবি একটি বিবৃতি দিয়ে সব অভিযোগ উড়িয়ে দিলে আরও একটি সাক্ষাৎকার দেন অস্ট্রেলিয়ায় থাকা সাবেক ক্রিকেটার। এরপর বিষয়টির সংবেদনশীলতা বিবেচনায় তদন্ত কমিটি গঠন করছে বিসিবি। যারা ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।









